উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দূষণে জেরবার দিল্লি। সকাল থেকে ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ। এমন পরিস্থিতিতে সোমবার দিল্লিতে আসছেন লিওনেল মেসি। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত রাজধানী। কিন্তু দিল্লির দূষিত বাতাসে মেসির স্বাস্থ্য কতটা সুরক্ষিত থাকবে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। তাঁদের একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মেসি আপনাকে দিল্লিতে স্বাগত। আমি শুনেছি, আপনার বাঁ পায়ের ৯০০ মিলিয়ন ডলারের বীমা করা হয়েছে, কিন্তু আপনার ফুসফুসের কী হবে?’ সোমবার সকালে ধোঁয়াশায় ঢেকেছিল রাজধানী। দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে আসে, যান চলাচল করছিল ধীর গতিতে। এমন আবহাওয়ায় দিল্লিতে আসছেন মেসি। এনিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানা মিম। রাজধানীর আবহাওয়াকে ব্যঙ্গ করে অনেকে পোস্টও করেছেন।
মেসির কলকাতা সফরে চূড়ান্ত অব্যবস্থার সাক্ষী থেকেছে গোটা দেশ। তবে হায়দরাবাদ, মুম্বইয়ে দেখা যায় উলটো চিত্র। দুটি জায়গাতেই সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে।ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল ছেত্রী এবং শচীন তেন্ডুলকরের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন মেসি। এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা যাবে ফুটবলের রাজপুত্রকে। কিন্তু ভক্তকুল তাঁদের প্রিয় ফুটবলারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেটা বাস্তবিকও। কারণ দিল্লির বাতাসে নিঃশ্বাস নেওয়া এখন একদিনে ২৭টি সিগারেট খাওয়ার সমান।
