নাগরাকাটা: ডুয়ার্সের চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা নতুন কিছু নয়, কিন্তু এবার খোদ হাসপাতালের অন্দরে চিতাবাঘ ঢুকে পড়ার আশঙ্কায় ত্রাহি ত্রাহি রব উঠল সুলকাপাড়ায়। বুধবার সন্ধ্যা নাগাদ নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতাল চত্বরে একটি চিতাবাঘকে (Leopard In Hospital) ঘোরাফেরা করতে দেখা যায় বলে খবর ছড়ায়। ঘটনার জেরে রোগী থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের পেছনের দিকের উঁচু সীমানা পাঁচিল টপকে একটি চিতাবাঘকে হাসপাতালের ঝোপঝাড়পূর্ণ এলাকায় ঝাঁপ দিতে দেখেন কেউ কেউ। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে আতঙ্ক তৈরি হয়। হাসপাতালের চিকিৎসক ডাঃ লক্ষ্মীকান্ত ভাস্কর জানান, “কেউ বা কারা চিতাবাঘ দেখার কথা জানানোর পর থেকেই চাঞ্চল্য ছড়ায়। তবে প্রথমবার দেখার পর আর বুনোটিকে সরাসরি দেখা যায়নি।”
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা। চিতাবাঘটি যদি ঝোপের মধ্যে আত্মগোপন করে থাকে, তবে তাকে তাড়াতে বাজি ও পটকা ফাটানো হয়। এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় বনকর্মীরা। বিট অফিসার দেবাশিষ কর্মকার বলেন, “আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। ঝোপঝাড়ের কারণে কোথাও বুনোটি লুকিয়ে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
হাসপাতাল চত্বরের নিরাপত্তার স্বার্থে রাতেই টহলদারি বাড়ানো হয়েছে। তবে হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় চিতাবাঘের উপস্থিতির খবর রাতের ঘুম কেড়েছে সুলকাপাড়াবাসীর।
