শুভদীপ শর্মা, লাটাগুড়ি: এলাকায় বাড়ছে বিহারের পর্যটক (Lataguri Give attention to Bihar Vacationers)। তাই এবার সেই প্রবণতাকে কাজে লাগাতে চাইছে লাটাগুড়ি। পর্যটক টানতে এবার বিহারকে ফোকাস করার সিদ্ধান্ত নেওয়া হল লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দশম দ্বিবার্ষিক সাধারণ সভায়। রবিবার লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্টে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের তরফে সেখানে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার শুরু করার পাশাপাশি ডুয়ার্সের (Dooars) সঙ্গে বিহারের সরাসরি রেল যোগাযোগের দাবিও বিভিন্ন মহলে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
করোনা পরবর্তী সময়ে ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়িতে (Lataguri) সামগ্রিকভাবে পর্যটকের সংখ্যা কিছুটা কমলেও সম্প্রতি দেখা যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে লাটাগুড়িতে প্রতিবছর উল্লেখযোগ্য হারে পর্যটকরা আসছেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পর্যটন ব্যবসা চাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। এদিন সংগঠনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ‘বর্তমানে বিহারের বহু পর্যটক ডুয়ার্স ভ্রমণের ক্ষেত্রে লাটাগুড়িকে তাঁদের পছন্দের তালিকায় রাখছেন। চলতি মরশুমে বেশিরভাগ রিসর্টেই বিহারের প্রচুর মানুষ বুকিং করেছেন। তাই আগামীদিনে বিহারকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় প্রচার আরও বাড়ানো হবে।’ পাশাপাশি সে রাজ্যের পর্যটন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেখানকার পর্যটন মানচিত্রে ডুয়ার্স ও লাটাগুড়িকে আরও বেশি করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে সংগঠনের যুগ্ম সম্পাদক অনুপ গোপ জানান, লাটাগুড়ি মূলত জঙ্গলকেন্দ্রিক পর্যটনের ওপর নির্ভরশীল। তবে গত কয়েক বছরে বন দপ্তরের উদাসীনতার কারণে গরুমারার একাধিক নজরমিনারে পর্যটকদের প্রবেশ বন্ধ রয়েছে। একইভাবে চুকচুকি ঝিলে নৌকাবিহারের সুবিধাও বন্ধ থাকায় পর্যটকরা বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত পর্যটনের সুবিধা দ্রুত চালু করার দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সাধারণ সভার উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান মলয় ভৌমিক। পাশাপাশি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিব্যজ্যোতি চক্রবর্তী, জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ সংগঠনের অন্য সদস্যরা। সম্মেলন থেকে ১৯ জনের একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়। কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে মনোনীত হয়েছেন অরিন্দম চৌধুরী, দিব্যেন্দু দেব ও মিঠু মুখোপাধ্যায়। মহুয়া গোপ বলেন, ‘লাটাগুড়িকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে জেলা পরিষদের তরফে একটি স্কাইওয়াক নির্মাণ ও সোনাঝুরি হাটের আদলে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’
