লাটাগুড়ি: গাড়ির ধাক্কায় মৃত্যু হল দু’টি হরিণের। রবিবার সকালে লাটাগুড়ি (Lataguri) ও গরুমারা জঙ্গলের মাঝে চালসা-লাটাগুড়িগামী ৭১৭ নম্বর জাতীয় সড়কে এই দু’টি হরিণের দেহ দেখতে পান বনকর্মীরা। পূর্ণবয়স্ক হরিণ দু’টির মধ্যে একটি সম্বর প্রজাতির ও আরেকটি বার্কিং ডিয়ার।
জানা গিয়েছে, গরুমারা চেকপোস্ট থেকে লাটাগুড়ির দিকে জঙ্গলের পথে আধ কিলোমিটারের ব্যবধানে দু’টি হরিণের দেহ উদ্ধার হয়। হরিণগুলির দেহ লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। সেগুলির দেহের ক্ষত দেখে বন দপ্তরের অনুমান গাড়ির ধাক্কাতেই এদের মৃত্যু হয়েছে। তবে কোন গাড়ির ধাক্কায় হরিণ দু’টির মৃত্যু হল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে।
