কুলটি: কুলটিতে (Kulti) পুলিশ ও সিআইএসএফের যৌথ অভিযানে বাজেয়াপ্ত ৫০০ টনেরও বেশি কয়লা (Coal seized)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, আসানসোল-চিত্তরঞ্জন রোডের পাশে থাকা একটি হোটেলের কাছে শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ অভিযান চালায় সিআইএসএফ (CISF) ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। আর সেই অভিযানেই হোটেলটির পেছন থেকে প্রায় ৫১১.৯৫০ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়।
তবে ওই হোটেলের পেছনে এই বিপুল পরিমাণ কয়লা কেন মজুত রাখা হয়েছিল বা কীভাবে সেখানে এই কয়লা এল, তার খোঁজ চালাচ্ছে সিআইএসএফ। পাচারের উদ্দেশ্যেই কি এত পরিমাণ কয়লা রাখা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে বিপুল পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেই জানা গিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিআইএসএফের পক্ষ থেকে কুলটি থানার পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
উল্লেখ্য, আসানসোল শিল্পাঞ্চলজুড়ে কয়লার বেআইনি কারবার নিয়ে সিবিআইয়ের তদন্ত এখনও চলছে। মামলা চলছে আসানসোলের সিবিআই আদালতে। এই কয়লা কাণ্ডে আদালতে পেশ করা সিবিআইয়ের চার্জশিটে রয়েছে কয়লা পাচারের রাঘব বোয়ালদের নাম। এরপরেও আসানসোল শিল্পাঞ্চলের আনাচে-কানাচে বেআইনি এই কয়লা কারবারের খবর সামনে আসছে।
