রাখিবন্ধনের বিজ্ঞাপনে লাস্যময়ী অবতারে ধরা দিয়ে বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছিলেন কৃতী শ্যানন। যে প্রচারঝলক প্রকাশ্যে আসার ৪২ ঘণ্টার মধ্যে বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে আসমুদ্রহিমাচলে। অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগে নিন্দার ঝড় ওঠে সোশাল পাড়াতেও। এক্ষেত্রে লক্ষ্যণীয়, নেটভুবনের সিংহভাগ মহিলারাই কৃতীকে পোশাকবিধির পাঠ দিয়েছিলেন। কিন্তু দেশে যখন অহরহ নারীদের ধর্ষণ, গার্হস্থ্য হিংসার খবর প্রকাশ্যে আসে, তখন কেন চুপ সেসব মহিলা নীতিপুলিশেরা? প্রশ্ন তুলেছেন কৃতী শ্যানন।
‘এই লড়াই আসলে নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেইসব মগজধোলাই হওয়া নারীদের- যারা…’
আরও পড়ুন:
সম্প্রতি বিহারের জামুইতে দশম শ্রেণির এক ছাত্রী ও তার এক সহপাঠীকে হেনস্তার অভিযোগে দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক এমন আবহেই কৃতীর এক পোস্ট চর্চায়। যেখানে উল্লেখ, ‘বন্ধুরা, এটা পুরুষ বনাম নারীর লড়াই নয়। এই লড়াই আসলে নারীদের সঙ্গে পিতৃতান্ত্রিক, নারীবিদ্বেষী পুরুষ এবং সেইসব মগজধোলাই হওয়া নারীদের- যারা আজও মনে করেন পিতৃতন্ত্রই আসল সংস্কার বা ঐতিহ্য।” অভিনেত্রীর এহেন পোস্টই আপাতত নেটভুবনের আতশকাচে। প্রশ্ন উঠেছে আচমকাই কেন পিতৃতন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কৃতী শ্যানন? একাংশের অনুমান, মহিলা নেটবাসিন্দারা নায়িকাদের সাজপোশাক, পোশাকের ঝুল, বক্ষবিভাজিকা নিয়ে কথা বললেও নারী নির্যাতন নিয়ে সেভাবে প্রতিবাদী আওয়াজ তোলেন না, সেই প্রেক্ষিতেই হয়তো সমাজের মন-মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী।

এমন আবহেই আরেকটি পোস্ট লাইক করে কৃতী নিজস্ব অবস্থান স্পষ্ট করেছেন। যে পোস্টে লেখা ছিল, “উৎসবের কোনও বিজ্ঞাপনে কোনও অভিনেত্রীর শরীরের বিশেষ অংশ বা ক্লিভেজ দৃশ্যমান হলে এদেশে যতটা ক্ষোভের সৃষ্টি হয়, ধর্ষণ, গার্হস্থ্য হিংসা বা যৌতুকের কারণে মৃত্যুর ঘটনায় ততটা হয় না— এই বিষয়টাই সমাজের অগ্রাধিকারের জায়গাটা স্পষ্ট করে দেয়।” আর এহেন পোস্টে সমর্থন করার পরই পিতৃতান্ত্রিক মানসিকতাকে বিঁধে ওই পোস্ট ভাগ করে নিয়েছেন কৃতী শ্যানন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
