নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না, এই দোলাচলের মধ্যেই আগামী ২০ ডিসেম্বর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২০২৫-’২৬ সালের বাজেট পাশ করিয়ে নেওয়াই হবে প্রাথমিক অ্যাজেন্ডা। যেখানে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয় ধরেই আলোচনা হবে এই সভায়। ফেডারেশনের শেষ সাধারণ সভা হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। সেবার তৎকালীন কোচ ইগর স্টিমাকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ পূরণের আগেই সোনালি করমর্দন করার জন্য মোট চার লক্ষ ইউএস ডলার ধার্য করা হয়। ওই সভায় স্টিমাকের চুক্তির বিষয়ে বিভিন্ন অনৈতিক দিক তুলে ধরা ছাড়াও যে কোনও চুক্তির ক্ষেত্রে এআইএফএফ সভাপতিই শেষ কথা বলার অধিকারও পাশ হয়ে যায়। তবে এরপর এই দুই বছরের কিছু বেশি সময়ে পরিস্থিতির অনেক বদল হয়েছে। এই মুহূর্তে দেশের ফুটবল আলোড়িত ইন্ডিয়ান সুপার লিগ এখনও শুরু না হওয়া এবং জাতীয় দলের কুৎসিত পারফরমেন্স নিয়ে। আগামী ৮ ডিসেম্বর ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এআইএফএফের। নতুন করে কোনও বিনিয়োগকারী না পেলে বা লিগ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি না করতে পারলে নিশ্চিতভাবেই এবারের সাধারণ সভায় তোপের মুখে পড়তে পারে বর্তমান কমিটি।
দেশের শীর্ষ আদালতে শুক্রবারই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এদেশের ফুটবল ইকোসিস্টেম যে বিপন্ন, সেই কথা জানা কেন্দ্র তথা মন্ত্রীর। তিনি কথা দেন, আইএসএল হবেই। এরপরেই শীর্ষ আদালতের বিচারপতিরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে বলেন। এরপরেই ক্লাবগুলি দ্রুত আলোচনা চেয়ে চিঠি দেয় ফেডারেশন সভাপতিকে। যদিও এদিন পর্যন্ত কোনও সভা ডাকার কথা জানায়নি এআইএফএফ। সমস্যার সমাধান দ্রুত করতে না পারলে এই মরশুমে আইএসএল হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন পড়তে পারে। সেক্ষেত্রে বার্ষিক সাধারণ সভায় ঝড় উঠবে। তার আগে আগামী বৃহস্পতিবারই অবশ্য সংবিধানের কিছু বিষয় নিয়ে বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে ফেডারেশনের তরফে।
