Kolkata | ‘কলকাতার বুকে’ ভাঙা হল নেতাজি মূর্তির হাত! তুঙ্গে রাজনৈতিক শোরগোল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কলকাতার (Kolkata) মাটিতে দাঁড়িয়ে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Subhas Chandra Bose) চরম অবমাননার অভিযোগ উঠল! রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে ভাঙচুর চালানো হয়েছে দেশনায়কের আবক্ষ মূর্তিতে। স্থানীয় বটতলা তিন মাথার মোড়ে অবস্থিত ওই মূর্তির ডান হাতটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসতেই তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশ।

গতকাল পর্যন্তও স্মৃতিসৌধটি অক্ষত অবস্থায় থাকলেও, আজ সকালে মূর্তির ক্ষতিগ্রস্ত অংশটি নজরে আসতেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বিজেপি কর্মীরা। দোষীদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি বিধানসভায় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেতাজির (Netaji) প্রতি কোনো কুরুচিকর বা অবমাননাকর মন্তব্য করা হলে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই সাথে রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির সেবা কেন্দ্রকে ‘নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র’ নামকরণের সিদ্ধান্তের কথাও জানানো হয়।

তারক বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যজুড়ে নেতাজির অবমাননা বন্ধে এহেন কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যেই নিউ আলিপুরের বুকে রাতের অন্ধকারে মূর্তির হাত কেটে ফেলা অত্যন্ত রহস্যজনক ও তাৎপর্যপূর্ণ ঘটনা। এর পাশাপাশি ঘটনাটি দলের রাজ্য নেতৃত্বকে জানানোর পাশাপাশি এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হবে বলেও জানা গিয়েছে বিজেপির তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *