খড়িবাড়ি: খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে (Kharibari Rural Hospital) জন্মমৃত্যু শংসাপত্র জালিয়াতিকাণ্ডে (Beginning and loss of life certificates fraud case) এবার গ্রেপ্তার হল শিলিগুড়ির এক মহিলা এজেন্ট। এই নিয়ে জালিয়াতিকাণ্ডে গ্রেপ্তার (Arrest) ৫। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম নীলিমা রায়। সে শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা। জালিয়াতি চক্রের এজেন্ট হিসেবে কাজ করত সে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল থেকে চলতি বছরের মে থেকে জুলাই এই কয়েক মাসে ৮৭০টি জাল শংসাপত্র তৈরির হদিস ইতিমধ্যে পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্ত পার্থ সাহা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত পার্থ সাহার কাছ থেকে মোটা টাকার বিনিময়ে এই মহিলা জন্মমৃত্যু শংসাপত্র তৈরি করত বলে অভিযোগ।
পুলিশের অনুমান, জালিয়াতি চক্রের জাল বহুদূর বিস্তৃত। মঙ্গলবার রাতে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ওই মহিলাকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ। অভিযুক্ত নীলিমাকে রিমান্ডে নিয়ে চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, স্বাস্থ্য দপ্তর থেকে জাল শংসাপত্রের তালিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন থানায় এই জালিয়াতিকাণ্ডের সঙ্গে যুক্ত অন্যান্য এজেন্টদেরও খোঁজ শুরু হয়েছে। জালিয়াতি চক্রের বহু নতুন তথ্য উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
