উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকৃতির তাণ্ডবে বিধ্বস্ত নেপালে (Nepal Flash Flood) শুটিং করতে গিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছিলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। বিপর্যস্ত হয়ে পড়েছিল সেখানকার যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট বন্ধ থাকায় এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ায় দীর্ঘ দু’দিন উদ্বেগে কাটে অভিনেতার পরিবার ও অনুরাগীদের। অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিকল্প পথে গোরক্ষপুর হয়ে নিরাপদে কলকাতায় ফিরেছেন খরাজ ও তাঁর স্ত্রী। কলকাতা বিমানবন্দরে নেমে অনুরাগীদের স্বস্তির খবর দিয়েছেন অভিনেতা।
চলচ্চিত্রের শুটিংয়ের জন্যই নেপালে পাড়ি দিয়েছিলেন খরাজ। বাংলাদেশের একটি সিনেমার কাজে পোখরায় গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়েই প্রকৃতি তার ভয়াল রূপ ধারণ করে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দেশে ফেরা নিয়ে তৈরি হয় ঘোর অনিশ্চয়তা। খরাজের ছেলে বিহু মুখোপাধ্যায় প্রতি মুহূর্তে বাবার শারীরিক অবস্থা ও পরিস্থিতির আপডেট সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন, যা খবরের শিরোনামে উঠে আসে।
একা খরাজ নন, একই সময়ে ওই ছবির শুটিংয়ে নেপালে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবং টলিউডের আরেক চেনা মুখ রজতাভ দত্ত। সৌভাগ্যবশত, দুর্ঘটনার ঠিক আগেই কলকাতায় ফিরে আসেন রজতাভ। অন্যদিকে, পোখরায় আটকে থাকা অপু বিশ্বাসও নিরাপদেই ছিলেন বলে জানা যায়। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন এই অভিনেত্রী।
কলকাতা বিমানবন্দরে পা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন খরাজ। তিনি জানান, পোখরায় শুটিং শেষ করে নানা সমস্যা মোকাবিলা করে গোরখপুরে পৌঁছান তাঁরা এবং সেখান থেকেই সরাসরি কলকাতায় ফেরেন। অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেতা বলেন, বহু মানুষ তাঁর জন্য উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সকলের প্রার্থনা ও ভালোবাসার জন্যই তাঁরা অক্ষতশরীরে বাড়ি ফিরতে পেরেছেন। আগামী দিনে দর্শকদের আরও অনেক ভালো কাজ উপহার দেওয়ার আশাও প্রকাশ করেন তিনি। চরম বিপদের মুখ থেকে টলিউড অভিনেতার এই সস্ত্রীক নিরাপদ প্রত্যাবর্তন স্বস্তি এনেছে সমগ্র চলচ্চিত্র জগত এবং তাঁর অগণিত ভক্তকুলের মনে।

