উত্তরবঙ্গ সংবাদ অনলাইন: দীর্ঘ চার মাস অপেক্ষার পর ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) শেষকৃত্য (Funeral) সম্পন্ন হতে চলেছে। আগামী ৫ জুলাই তেহরানে (Tehran) ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে এবং ৯ জুলাই তাঁর নিজের শহর মাশহাদে তাঁকে সমাহিত করা হবে। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানালেও, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকছেন না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি পেন্টাগনের ‘অপারেশন এপিক ফিউরি’তে খামেনেই নিহত হন। এরপর থেকেই তাঁর শেষকৃত্য ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা ও রহস্য। ইরানের নতুন সরকারের দাবি, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং ক্ষমতা হস্তান্তর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই বিলম্ব হয়েছে। এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে লক্ষাধিক মানুষের জমায়েত নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারত, যা শেষকৃত্যকে একটি বড় রাজনৈতিক সমাবেশের রূপ দিতে পারত।
এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের জন্য ইরানের পক্ষ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং এআইসিসি মুখপাত্র পবন খেড়া। সলমন খুরশিদ বৃহস্পতিবার জানিয়েছেন, তাঁরা আমন্ত্রণ পেয়েছেন এবং দলগত আলোচনার মাধ্যমে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৭ জুন ডোনাল্ড ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পরই মূলত শেষকৃত্যের এই চূড়ান্ত দিন ঘোষণা করা হয়।

