উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারমাণবিক কেন্দ্রগুলোতে আমেরিকার বিমান হানার পর তীব্র প্রতিক্রিয়া দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই (Khamenei on Us Strikes)। মার্কিন হামলার দীর্ঘক্ষণ পর অবশেষে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা। সোশ্যাল মিডিয়ায় খামেনেই লিখেছেন, ‘ইহুদি মতাদর্শ শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ তারা করেছে তার শাস্তি পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে।’

প্রসঙ্গত, ইরানের (Iran) তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বোমারু বিমান বি২। এর দীর্ঘক্ষণ পর বিবৃতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে ইরানের মাটিতে হামলার পর সতর্ক রয়েছে আমেরিকাও (US)। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাঁদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্প প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিদেশ দপ্তর বিশ্বের সমস্ত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। কোনওরকম ভ্রমণ পরিকল্পনা করার আগে অনুগ্রহ করে আমাদের পরামর্শ, সমস্ত তথ্য ও নিরাপত্তা সংক্রান্ত বার্তা মনযোগ সহকারে পড়ুন।’ পাশাপাশি আমেরিকায় সাইবার অ্যাটাক বা ‘লোন উলফ’ অ্যাটাকের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
