উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের হিমালয়ের কোলে অবস্থিত দুই পবিত্র তীর্থক্ষেত্র বদ্রীনাথ এবং কেদারনাথে (Kedarnath-Badrinath) এবার অ-হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ হতে চলেছে (Non-Hindu Entry Restriction)। চারধাম যাত্রার অন্তর্গত এই দুই মন্দিরের পবিত্রতা ও ঐতিহ্য বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে মন্দির পরিচালনকারী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি (BKTC)। কমিটির অধীনে থাকা সমস্ত মন্দিরেই এই নিয়ম কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে।
বিকেটিসি-এর সভাপতি হেমন্ত দ্বিবেদী এই খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, আগামী বোর্ড মিটিংয়েই এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস করা হতে পারে। প্রস্তাবটি অনুমোদিত হলে, অ-হিন্দু পর্যটক বা দর্শনার্থীদের এই মন্দির চত্বরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। মূলত ধর্মীয় রীতিনীতি এবং মন্দিরের সনাতনী পরিবেশ রক্ষার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মন্দির কমিটি সূত্রের খবর।
উল্লেখ্য, প্রতি বছর শীতকালে প্রচণ্ড তুষারপাতের কারণে এই ধামগুলি সাধারণের জন্য বন্ধ থাকে। আগামী ২৩ এপ্রিল পুনরায় বদ্রীনাথ মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। অন্যদিকে, কেদারনাথের দ্বার খোলার তারিখটি আসন্ন মহা শিবরাত্রির দিন ঘটা করে ঘোষণা করা হবে। উত্তরাখণ্ডের ‘ছোটা চারধাম’ যাত্রার বাকি দুই তীর্থক্ষেত্র— গঙ্গোত্রী এবং যমুনোত্রীর দরজা আগামী ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে খুলে দেওয়ার কথা রয়েছে।
গত কয়েক বছরে চারধাম যাত্রায় উপচে পড়া ভিড় এবং পর্যটকদের আচরণ নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। মন্দির কমিটির এই নতুন সিদ্ধান্ত কার্যকর হলে তা পর্যটন এবং ধর্মীয় মহলে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। পাহাড়ের এই পবিত্র তীর্থক্ষেত্রগুলির মাহাত্ম্য বজায় রাখতে মন্দির কমিটির এই প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে দেশজুড়ে।
