করণদিঘি: রবিবার ইসলামপুরে পথসভার পর সোমবার দুপুরে সিপিআইএম-এর ডাকে বাংলা বাঁচাও যাত্রা মিছিল পৌঁছায় করণদিঘি ব্লকের রসাখোয়ায়। এদিনের পথসভায় রাজ্য যুব সংগঠনের রাজ্য সম্পাদকের বক্তব্যের পরে মঞ্চে ওঠেন মীনাক্ষী মুখার্জি। মীনাক্ষীকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
এদিন বক্তাদের কথায় বার বার উঠে এসেছে তাঁদের ১৮ টি দাবির কথা। এদিনের পথসভায় মীনাক্ষী মুখার্জি বলেন, ‘সর্বহারা মানুষের পাশে আছে একমাত্র বামপন্থীরা, একমাত্র লালঝান্ডা। আজ সব দিক থেকে বিপর্যস্ত বাংলার প্রাণ ফিরিয়ে দিতে লালঝান্ডার পুনরুত্থান চাই। সেই কাজে চাই আপনাদের সকলকে। তাহলেই একমাত্র বাংলাকে বাঁচানো যাবে।’
মীনাক্ষী মুখার্জির ভাষনে উঠে আসে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের আতাতের কথাও। পাশাপাশি স্থানীয় বিধায়ক গৌতম পালের স্ত্রীর জাল কাস্ট সার্টিফিকেটের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। বিধায়কের নাম উল্লেখ না করে বিধায়কের মদের দোকান খোলাকেও কটাক্ষ করেন মীনাক্ষী। এর পাশাপাশি বিড়ি শ্রমিক ও পরিযায়ী শ্রমিকদের দুরাবস্থার কথাও তুলে ধরেন তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক আনাওরুল হক, রাজ্য নেতৃত্ব পলাশ দাস, ছাত্র ফেডারেশনের রাজ্য সভাপতি প্রণয় কার্জী সহ স্থানীয় বাম নেতৃত্বরা। সভা শেষে হেমতাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন মীনাক্ষী।
