ডালখোলা: প্রকৃতির সবুজ ধ্বংস করে পৃথিবীকে মুড়ে ফেলা হচ্ছে আধুনিকতায়। এর প্রভাবে ঘটছে বিশ্ব-উষ্ণায়ন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, ঘটছে প্রাকৃতিক বিপর্যয়ের মতো ঘটনা। প্রকৃতির রোষানলে প্রভাবিত হচ্ছে মানব সভ্যতা। আর আগামীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষাই একমাত্র উপায়। জনসাধারণকে এনিয়ে সচেতন করতেই ৩৮তম বর্ষে ডালখোলা জাগরণী সংঘের কালীপুজোর থিম ‘ভারসাম্য’ (Kali Puja 2025)।
ডালখোলা শহরের কালীপুজোগুলির মধ্যে অন্যতম জাগরণী সংঘের পুজো। এবছর তাদের পুজোর বাজেট প্রায় দশ লক্ষ টাকা। দর্শকদের নজর কাড়তে প্রতিবছরই পুজোমণ্ডপে থাকে নিত্যনতুন চমক। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, এবছর পুজোয় থিমের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার বার্তা তুলে ধরা হবে দর্শকদের সামনে। মণ্ডপের একদিকে সবুজে ভরা পরিবেশ। আর অন্যদিকে থাকবে পরিবেশের রুক্ষ রুপ। সেই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করার সংকল্প নিয়েছে এই পুজো কমিটি। তাদের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে পরিবেশপ্রেমীরাও।
তাছাড়াও বিখ্যাত সংগীতশিল্পীর লাইভ কনসার্টের পাশাপাশি পুজোর ক’দিন চলবে আকর্ষণীয় অনুষ্ঠান। প্রতিবারের মতো এবারেও পুজো কমিটির পক্ষ থেকে সমাজের দুস্থদের শীতবস্ত্র এবং মেধাবী দুস্থ পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হবে।
পুজো কমিটির অন্য উদ্যোক্তা শুভজিৎ দে বলেন, ‘সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে আমরা পুজোর এই ক’দিন আনন্দ উপভোগ করি। আশা করছি এবছরও পরিবেশের ভারসাম্য বজায় রাখার যে বার্তা আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাইছি, তাতে সফল হতে পারব।’
