উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উৎসবে মিষ্টিমুখের আনন্দ কেড়ে নিতে পারে চকচকে রুপোলি রাংতা। চিকিৎসকদের দাবি, কাজু বরফি (Kaju Katli) কিংবা নানা মিষ্টির উপর যে রুপোলি তবক বা ‘চান্দি বারাক’ শোভা পায়, তার বেশিরভাগই আসল রুপোর নয় (Poisonous Silver Foil)। আকাশছোঁয়া দামের কারণে রুপোর বদলে সস্তার অ্যালুমিনিয়াম এবং ক্যাডমিয়াম ও আর্সেনিকের মতো বিপজ্জনক ভারী ধাতু মিশিয়ে তৈরি হচ্ছে এই রাংতা।
খাদ্যে ভেজাল ধরতে গিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, নিয়ম অনুযায়ী এই তবক ৯৯ শতাংশ খাঁটি রুপো দিয়ে তৈরি হওয়ার কথা। কিন্তু মুনাফার লোভে অসৎ ব্যবসায়ীরা অ্যালুমিনিয়াম ও ভেজাল রাসায়নিকের তৈরি রাংতা ব্যবহার করছেন। দীর্ঘ দিন ধরে পেটে এই বিষাক্ত উপাদান প্রবেশ করলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। অ্যালুমিনিয়াম রক্তে জমে অ্যালঝাইমার্স, স্মৃতিভ্রম এবং লিভার সিরোসিসের ঝুঁকি বাড়ায়। এর চেয়েও ভয়াবহ হল আর্সেনিক, যা ব্লাড ক্যানসার ও নানা চর্মরোগের কারণ হতে পারে। পাশাপাশি, ক্যাডমিয়াম হাড়ের ঘনত্ব কমিয়ে অস্টিয়োপোরোসিসের ঝুঁকি বাড়ানোর পাশাপাশি কিডনিও বিকল করে দিতে পারে।
বাজারে খাঁটি রুপোর তবক চেনা বেশ কঠিন, তবে সাধারণ কিছু উপায়ে ভেজাল ধরা সম্ভব। আঙুল দিয়ে মিষ্টির রাংতায় আলতো ঘষলে যদি তা গুঁড়ো হয়ে আঙুলে লেগে যায়, তবে সেটি খাঁটি রুপো। কিন্তু আঠার মতো জড়িয়ে গেলে বুঝতে হবে তাতে অ্যালুমিনিয়াম মিশে রয়েছে। এছাড়া মিষ্টি থেকে রাংতার টুকরো তুলে আগুনে ধরলে খাঁটি রুপো পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু ভেজাল অ্যালুমিনিয়াম শক্ত গুঁড়ো তৈরি করে।
বিশেষজ্ঞদের পরামর্শ, উৎসবের মরশুমে স্বাস্থ্যের কথা মাথায় রেখে রাংতা বা তবক দেওয়া মিষ্টি এড়িয়ে চলাই শ্রেয়। চকচকে মোড়কের আড়ালে লুকিয়ে থাকা এই রাসায়নিক বিষ বড় ধরনের শারীরিক বিপদ ডেকে আনতে পারে।

