উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে বিপত্তি। বর্তমানে দুবাইয়ের (Dubai) একটি হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalised) জনপ্রিয় অভিনেত্রী জসমিন ভাসিন (Jasmin Bhasin)। জন্মদিনের বিশেষ দিনটি পালন করতে প্রেমিক আলি গোনির (Aly Goni) সঙ্গে দুবাইয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে পরিকল্পনা ভেস্তে যায়।
সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। আলি গনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জসমিনের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানিয়েছেন, হঠাৎ করেই জসমিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং একটি সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জসমিনের সঙ্গে ছবি পোস্ট করে আলি আবেগঘন বার্তা দেন। তিনি লেখেন, ‘আমরা এখানে জন্মদিন উদযাপন করতে এসেছিলাম, কিন্তু ভাগ্যের লিখন অন্য ছিল। জন্মদিনের স্মৃতির বদলে এখন আমাদের দিন কাটছে হাসপাতালের ঘরে। তোমাকে যন্ত্রণায় ছটফট করতে দেখাটা আমার কাছে সবচেয়ে কঠিন। তোমার সুস্থ হাসি ফিরে পাওয়ার জন্য আমি যেকোনও উৎসব ত্যাগ করতে পারি।’
পরবর্তীতে আলি আরও একটি আপডেটে জানান যে, জসমিন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফোন বা মেসেজের উত্তর না দিতে পারার জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে তিনি সকলের কাছে জসমিনের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার অনুরোধ জানান। জসমিনের অসুস্থতার খবরে বিনোদনজগতের বন্ধু এবং সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রুবিনা দিলাইক, রুহানিকা, দিব্যাঙ্কা ত্রিপাঠী সহ অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।
পাশাপাশি, জসমিনের অসুস্থতা নিয়ে সংবাদের মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁদের বিয়ের জল্পনা নিয়েও মুখ খুলেছেন আলি। তিনি স্পষ্ট করেছেন, বিয়ের খবর নিশ্চিত হলে তাঁরা নিজেরাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। বর্তমানে জসমিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন আলি। তিনি বর্তমানে জসমিনের পাশে থেকে তাঁর প্রতিটি মুহূর্তে খেয়াল রাখছেন।

