জামালদহ: দুশো টাকার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক নাবালিকাকে ধর্ষণের (Minor woman rape case) অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ (Jamaldah) এলাকা। ঘটনায় অভিযুক্ত ২১ বছর বয়সী এক তরুণকে ময়নাগুড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)। আজ তাকে আদালতে তোলা হবে।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার দুপুরে। অভিযোগ, বাড়ির সামনে খেলাধুলা করার সময় সাত বছর বয়সী ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক তরুণ নিজের বাড়িতে নিয়ে যায়। সেই সময় বাড়িতে কেউ ছিল না। নাবালিকার বাবা মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানান, তার মেয়েকে ঘরের ভেতর নিয়ে গিয়ে অভিযুক্ত বলপূর্বক ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।
মেয়ের খোঁজ করতে গিয়ে তার মা ওই তরুণের বাড়িতে যান এবং ভেতর থেকে সন্দেহজনক আওয়াজ শুনতে পান। তিনি দরজা খোলার চেষ্টা করলে প্রায় দুই মিনিট পর দরজা খোলা হয় এবং অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যায়। ভীত-সন্ত্রস্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল হয়ে বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটিকে দুশো টাকার বিনিময়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে এই জঘন্য কাজ করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু হয় এবং অভিযুক্তকে ময়নাগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

