Jalpaiguri | পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ! আসানসোলের খুনের ঘটনায় জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার মহিলা

Jalpaiguri | পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ! আসানসোলের খুনের ঘটনায় জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার মহিলা

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: আসানসোলের খুনের ঘটনায় জলপাইগুড়ি থেকে এক মহিলা সহ মোট দুই জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার আসানসোলের কুলটি থানার পুলিশ জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশের সহযোগিতায় এই দুই জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন ফারহানাজ এবং তাঁর গাড়ির চালক আখতার সৈয়াদ। ফারহানাজকে বেরুবাড়ি এলাকায় তাঁর এক পূর্ব পরিচিতর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে আখতারকে গাড়ি সহ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার রাতে। সেদিন রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় জাভেদ বারিক নামে এক ব্যক্তির। সম্পর্কে জাভেদ বারিকের বোন হয় ফারহানাজ। জাভেদের পৈত্রিক সম্পত্তি এবং বেশ কিছু জমিজমা রয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। এই জমির ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরেই পারিবারিক বিবাদ চলছিল। তারই প্রতিফলন ঘটে শুক্রবার রাতে জাভেদ বারিকের খুনের ঘটনায়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জাভেদের জমি হাতানোর জন্য ফারহানাজ, তাঁর স্বামী আসিফ খান এবং গাড়ি চালক আখতার সৈয়াদ পরিকল্পনা করে ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে জাভেদকে খুন করায়। ঘটনার পর থেকেই পলাতক ছিল ফারহানাজ, আসিফ এবং আখতার সৈয়াদ। কুলটি থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে, ফারহানাজ এবং তাঁর গাড়ির চালক আখতার, জলপাইগুড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন। এরপরেই জলপাইগুড়ি পুলিশের সঙ্গে কুলটি থানার পুলিশ যোগাযোগ করে। এদিন তাঁদের যৌথ অভিযানে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করে আসানসোল নিয়ে যাওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *