Jalpaiguri | জলপাইগুড়িতে ফের আম্রুতের পাইপ ফেটে বিপত্তি! জল পেতে চরম ভোগান্তিতে শহরবাসী

Jalpaiguri | জলপাইগুড়িতে ফের আম্রুতের পাইপ ফেটে বিপত্তি! জল পেতে চরম ভোগান্তিতে শহরবাসী

শিক্ষা
Spread the love


জলপাইগুড়ি: জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে আম্রুত প্রকল্পের (Amrut Challenge) পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় বাসিন্দারা আবারও দুর্ভোগে পড়লেন। সোমবার সকালে শহরের ১৮ এবং ২৪ নম্বর ওয়ার্ডের সীমানায় সুহৃদ লেন এলাকায় আচমকাই পাইপ ফেটে তীব্র গতিতে জল বের হতে শুরু করে। ফলে ওই এলাকার বহু মানুষ এদিনও আম্রুতের পানীয় জল পেতে সমস্যায় পড়েন। এই প্রকল্পের পানীয় জল মানুষ নিশ্চিন্তে পান করতে পারবেন বলে দিন দুয়েক আগেই সাংবাদিক বৈঠকে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছিলেন। এর পরেই ফের পাইপ ফাটার ঘটনায় প্রশ্ন উঠেছে। যেখানে জল বাড়িতে পৌঁছোনোর আগেই বারবার পাইপ ফেটে যাচ্ছে, সেখানে পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্দেশ্য কতটা সফল হচ্ছে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন।

বারবার পাইপ ফাটার ঘটনাকে কেন্দ্র করে পুরসভার বিরোধী কাউন্সিলার অম্লান মুন্সি আম্রুত প্রকল্পের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন। ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অম্লান বলেন, ‘আম্রুত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে তার কারণেই এভাবে বারবার বিভিন্ন জায়গায় পাইপ ফাটছে। আগামীদিনে এই ধরনের ঘটনা আরও বেশি ঘটবে বলেই আমার আশঙ্কা। আর সাধারণ মানুষকে এর ফল ভুগতে হবে।’ অন্যদিকে সমস্যার ব্যাখ্যা দিয়ে পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘দুই পাইপের সংযোগস্থলের গ্যাসকেট সরে যাওয়ার কারণে বারবার এই সমস্যা হচ্ছে। আগামীতেও বেশ কয়েকবার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে পারে। পাইপগুলো দীর্ঘ দুই বছর ধরে মাটির নীচে পড়ে রয়েছে। তাপমাত্রার তারতম্যে দুটি পাইপের মাঝের এই গ্যাসকেট সংকুচিত এবং প্রসারিত হওয়ার কারণে কিছু জায়গায় জল বাইরে বেরিয়ে আসছে। এই ধরনের মেরামতির জন্য আমাদের তিনটি টিম প্রতিদিন কাজ করছে।’ এদিন পুরকর্মীরা প্রাণপণ চেষ্টা করে পাইপের সমস্যা মেটান।

সুহৃদ লেনে পাইপ ফাটার পর প্রবল বেগে বের হওয়া জল আশপাশের কয়েকটি বাড়ির ভেতরেও ঢুকে পড়ে। দরজা-জানলা বন্ধ করতে বাসিন্দাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। রাস্তার উপর জল ছড়িয়ে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলেও সমস্যা তৈরি হয়। ফাটা পাইপের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় অরবিন্দনগরের বাসিন্দা গোবিন্দ সরকার বললেন, ‘এটা এখন শহরের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এভাবে যদি মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ রাস্তার ওপর পাইপ ফেটে যায়, যাতায়াতে আমাদের সবারই খুব সমস্যা হয়।’

ক্রমাগত এমন ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্কও ছড়িয়েছে। কয়েক দিন আগে শহরের ব্যস্ততম তিন নম্বর গুমটি এলাকায় পাইপ ফেটে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে পাইপ মেরামত হলেও রাস্তা পুরোপুরি সংস্কার না হওয়ায় সেটি এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগে গৌড়ীয় মঠের সামনের রাস্তার পাইপ ফেটে এলাকার বেশ কয়েকটি দোকানের সামগ্রীরও ক্ষতি হয়েছিল। সমস্যা মেটাতে স্থায়ী পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *