জলপাইগুড়ি: জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উত্তেজনা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহর সংলগ্ন আসাম মোড় এলাকায়। আহত হয়েছেন অনিরূদ্ধ দাস নামে আসাম মোড় নিবাসী এক তরুণ। তিনি বর্তমানে শিলিগুড়ির (Siliguri) এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথা এবং পায়ে গুরুতর চোট রয়েছে। ঘটনার পর অনিরূদ্ধর পরিবারের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পাশের পাড়া শিরিষতলা এলাকার পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘ওই এলাকায় একটা গণ্ডগোল হয়েছিল। অভিযোগের ভিত্তিতে আমরা গ্রেপ্তার (Arrest) করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।’
স্থানীয় সূত্রে খবর অভিযুক্তরা এলাকায় অবৈধ জমি কারবারের সঙ্গে সঙ্গে যুক্ত। কিছুদিন আগে অনিরূদ্ধর বাড়ির এলাকার একটি জমির ওপর চোখ পড়ে অভিযুক্তদের। ফাঁকা জমিটিকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে সেই সময় অনিরূদ্ধ এবং তাঁর পরিবারের সদস্যরা বাঁধা দেন। সেখান থেকেই শুরু হয় গণ্ডগোলের সূত্রপাত। অনিরূদ্ধ চলতি বছর আসামমোড় তারাপাড়া দুর্গাপুজো কমিটির সম্পাদক ছিলেন।
অনিরূদ্ধর দাদা অরিন্দম দাস বলেন, ‘শুক্রবার প্রতিমা নিরঞ্জনের পর আমার ভাই এবং কমিটির কিছু ছেলেরা পুজো মণ্ডপে বসে হিসেব নিকেশ করছিল। সেই সময় পাঁচ অভিযুক্ত এসে আমার ভাইয়ের ওপর লোহার রড এবং ধারালো অস্ত্রদিয়ে দিয়ে হামলা চালায়। আশপাশের লোকজন এসে আমার ভাইকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রথমে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কা জনক থাকায় ভাইকে আমরা শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছি। যারা ভাইয়ের ওপর হামলা চালিয়েছে তারা প্রত্যেকেই জমি মাফিয়া হিসেবে পরিচিত। এর আগেও ওই জমি মাফিয়াদের বিরুদ্ধে এলাকার লোকজন আন্দোলনে নেমে ছিলেন।‘
