Jaipur accident | জয়পুরে মত্ত চালকের তাণ্ডব, দোকান ও পথচারীদের পিষে থামল ঘাতক গাড়ি, মৃত ১, আহত ১৫

Jaipur accident | জয়পুরে মত্ত চালকের তাণ্ডব, দোকান ও পথচারীদের পিষে থামল ঘাতক গাড়ি, মৃত ১, আহত ১৫

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজস্থানের (Rajasthan) রাজধানী জয়পুরে (Jaipur accident) শুক্রবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। মত্ত অবস্থায় (Drunk Driving) ফুটপাথে থাকা পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন এক চালক। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি ছিটকে ফুটপাথে উঠে যায় এবং সেখানে থাকা পথচারীদের একের পর এক চাপা দিতে দিতে এগিয়ে যায়। শুধু তাই নয়, রাস্তার ধারের একটি দোকানকে ধাক্কা মেরে প্রায় ৩০ মিটার ছেঁচড়ে নিয়ে যায় মত্ত চালকের গাড়িটি। বেশ কয়েকটি দাঁড়িয়ে থাকা যানবাহন ক্ষতিগ্রস্ত করার পর শেষমেশ একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি থামে।

পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতরে মোট চারজন আরোহী ছিলেন এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পরপরই তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনতা চালক দীনেশ রনওয়ানকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। দীনেশ রাজস্থানের চুরুর বাসিন্দা। পুলিশ (Jaipur Police) গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং পলাতক বাকি তিনজনের সন্ধানে তল্লাশি শুরু করেছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম রমেশ বৈরওয়া বলে শনাক্ত করা হয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসার কোনো খামতি না থাকে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং খিমসার ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *