রায়গঞ্জ: কাকাতো বোনের জন্মদিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ১৪ বছরের এক নাবালিকাকে পথ আটকে অপহরণ করে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল ইটাহারে। ঘটনাটি ঘটেছে ইটাহার (Itahar) থানার দুর্গাপুর ভাঙা ব্রিজ সংলগ্ন জঙ্গল এলাকায়। অভিযোগের ভিত্তিতে এদিন ভোররাতে শক্তি নুনিয়া (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে ইটাহার থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।
রবিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, নিগৃহীত নাবালিকা একটি হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
- ঘটনা: রবিবার কাকাতো বোনের জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। অভিযোগ, দুর্গাপুর ভাঙা ব্রিজের কাছে তার পথ আটকে তাকে জোড়পূর্বক টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় অভিযুক্ত তরুণ।
- অভিযোগ ও গ্রেপ্তার: ঘটনার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই অভিযান চালিয়ে ভোররাতে অভিযুক্ত শক্তি নুনিয়াকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী অতনু দাস জানান, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী নিমন্ত্রণ খেয়ে ফেরার সময় ভাঙা ব্রিজের কাছে আক্রান্ত হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এদিন ভোরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতে পাঠিয়েছে।
ঘটনা প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, “ওই নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

