ইটাহার: উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইটাহারে (Itahar) এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে বাজিতপুর গ্রামে একটি সরিষা জমি থেকে রাবি খাতুন (২৯) নামে ওই গৃহবধূর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় খুনের অভিযোগ তুলে সরব হয়েছে নিহতের পরিবার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাবি খাতুনের বিয়ে হয়েছিল রায়গঞ্জ থানার ইটাল গ্রামের বাসিন্দা আনোয়ারুল আলির সঙ্গে। গতকাল রাত পর্যন্ত তিনি তাঁর শ্বশুরবাড়িতেই ছিলেন বলে খবর। কিন্তু বৃহস্পতিবার সকালে বাবার বাড়ি বাজিতপুর গ্রাম থেকে কিছুটা দূরে নির্জন একটি সরিষা খেতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ইটাহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রায়গঞ্জ মর্গে পাঠানো হয়। এই ঘটনায় নিহতের দাদা আব্দুল রহমান তাঁর বোনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছেন। পরিবারের সন্দেহের তির রাবির স্বামী আনোয়ারুল আলির দিকে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। এটি নিছকই পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।
