উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়দিনের উৎসবের আবহে বিশ্বকে চমকে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। বুধবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘বাহুবলী’খ্যাত LVM3-M6 রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করল ভারত। এটি ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করা এযাবৎকালের সবচেয়ে ভারী বিদেশি স্যাটেলাইট। এদিন সকাল ৮:৫৪ মিনিটে এটি উৎক্ষেপন করা হয়।
এই উৎক্ষেপণের মূল আকর্ষণ হলো BlueBird Block-2 স্যাটেলাইটটি। এটি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ উপগ্রহ। এর বিশেষত্ব হল, এটি ২২৩ বর্গমিটারের বিশাল একটি অ্যান্টেনা ব্যবহার করে সরাসরি সাধারণ স্মার্টফোনে 4G/5G ব্রডব্যান্ড সিগন্যাল পাঠাতে সক্ষম। এর ফলে হিমালয়ের দুর্গম পাহাড়, গভীর সমুদ্র বা মরুঞ্চলেও মোবাইল টাওয়ার ছাড়াই ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। স্টারলিঙ্ককে টেক্কা দিয়ে বিশ্বজুড়ে ডিজিটাল বিভাজন দূর করতে ৫০টিরও বেশি মোবাইল অপারেটরের সঙ্গে কাজ করবে এই প্রযুক্তি।
ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “এটি ভারতের জন্য এক নতুন উচ্চতা। আমাদের LVM3 রকেটটি বিশ্বমানের নির্ভুলতার সঙ্গে এই ভারী উপগ্রহটিকে কক্ষপথে পৌঁছে দিয়েছে।”
নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর মাধ্যমে এই বাণিজ্যিক সাফল্য ভারতকে আন্তর্জাতিক মহাকাশ বাণিজ্যে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেল। এটি ইসরোর ১০১তম সফল অরবিটাল মিশন। চন্দ্রযান-৩ এবং ওয়ানওয়েব (OneWeb) মিশনের সাফল্যের পর LVM3 রকেটের এই জয়যাত্রা আগামী দিনে ‘গগনযান’ (মানুষবাহী মহাকাশ অভিযান) মিশনের পথকে আরও প্রশস্ত করল।
এতে প্রায় ১০ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাজারে ভারতের অংশীদারিত্ব বৃদ্ধি। গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী অত্যন্ত নিখুঁত উৎক্ষেপণ এটি। ফলে বোঝাই যাচ্ছে, মহাকাশ প্রযুক্তিতে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে সেই কাজ এখন দেশেই হচ্ছে।
