উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএসএল-এর ইতিহাসে এই প্রথম জয়ের স্মৃতি নিয়ে মরসুম শুরু করল ইস্টবেঙ্গল। লাল-হলুদ আক্রমণের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল গতবারের ডুরান্ড কাপ জয়ী নর্থইস্ট ইউনাইটেড। অভিষেক ম্যাচেই স্প্যানিশ স্ট্রাইকার ইউসেফ এজেজ্জারির জোড়া গোল এবং মিগুয়েল ফেরেরার মাপা শটে ৩-০ ফলে জয় ছিনিয়ে নিল মশাল বাহিনী।
খেলার শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়েছিল লাল-হলুদ। সল ক্রেসপো এবং মিগুয়েল একের পর এক আক্রমণ সাজালেও প্রথমার্ধে গোলের মুখ খোলেনি। ৩৬ মিনিটে মহম্মদ রশিদের শট পোস্টে লেগে ফিরে আসা এবং ৩৯ মিনিটে নন্দকুমারের অবিশ্বাস্য সুযোগ নষ্ট গ্যালারিতে হতাশা ছড়িয়েছিল। তবে অস্কার ব্রুজোর কোচিংয়ে দল যে কতটা ফিট, তার প্রমাণ মিলল দ্বিতীয়ার্ধে।
ম্যাচের ৬৫ মিনিটে ডেডলক ভাঙেন নতুন বিদেশি ইউসেফ এজেজ্জারি। বিপিন সিংহের নিখুঁত ক্রস থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ সেন্টার ফরোয়ার্ড। ঠিক ৫ মিনিট পরেই (৭০ মিনিট) এডমুন্ডের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি। ম্যাচের অন্তিমলগ্নে বাঁ-পায়ের জোরালো শটে দলের তৃতীয় গোলটি করেন মিগুয়েল ফেরেরা।
