উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর অন্দরে থাবা বসালো পাক গুপ্তচর সংস্থা আইএসআই (ISI Agent)। নৌবাহিনীর অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে ‘ল্যান্স নায়েক’ পদমর্যাদার এক জওয়ানকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ অ্যান্টি-টেররিজম স্কোয়াড (UP ATS)। ধৃতের নাম আদর্শ কুমার ওরফে ‘লাকি’। কেরলের কোচি নৌঘাঁটিতে কর্মরত এই জওয়ানের গ্রেফতারির পর দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আদর্শ কুমার ভারতীয় নৌবাহিনীর সাউদার্ন কমান্ডের অধীনে কেরলের কোচি নৌঘাঁটিতে কর্মরত ছিলেন। অভিযোগ, সেই রণকৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকেই তিনি নিয়মিতভাবে নৌবাহিনীর জাহাজ, পরিকাঠামো এবং সামরিক গতিবিধির ছবি ও তথ্য পাকিস্তানি হ্যান্ডলারদের পাঠাতেন। মোবাইল ফোনের মাধ্যমেই এই সমস্ত গোপন নথির আদান-প্রদান চলত বলে দাবি গোয়েন্দাদের।
ইউপি এটিএস জানিয়েছে, আদর্শ কুমার শুধু তথ্য পাচারই করেননি, বরং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইএসআই হ্যান্ডলারদের কাছে টাকা পাঠানোর প্রমাণও মিলেছে। সাধারণত গুপ্তচরবৃত্তির ক্ষেত্রে অভিযুক্তরা অর্থ গ্রহণ করেন, কিন্তু এক্ষেত্রে আদর্শ কেন অর্থ পাঠালেন, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। গোয়েন্দাদের ধারণা, এই নেটওয়ার্ক আরও গভীরে বিস্তৃত এবং বড় কোনো নাশকতার ছক কষতে এই আর্থিক লেনদেন ব্যবহার করা হয়ে থাকতে পারে।
ধৃত আদর্শ কুমারের বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা জেলার কাগারোল এলাকায়। কর্মসূত্রে তিনি কোচিতে থাকলেও তাঁর গতিবিধির ওপর নজর রাখছিলেন গোয়েন্দারা। এই চক্রে আর কোন কোন সামরিক কর্মী যুক্ত রয়েছেন, তা জানতে আদর্শকে জেরা করা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নৌবাহিনীর সদর দপ্তর থেকে এই ধরনের তথ্য ফাঁস জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
