IPL 2026 | শুভমন-বাটলার ঝড়ে চূর্ণ সিএসকে, আইপিএল থেকে বিদায় ধোনিদের

IPL 2026 | শুভমন-বাটলার ঝড়ে চূর্ণ সিএসকে, আইপিএল থেকে বিদায় ধোনিদের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএল-২০২৬ (IPL 2026) থেকে বিদায় নিল চেন্নাই সুপার কিংস (Chennai Tremendous Kings)। বৃহস্পতিবার আহমেদাবাদে গুজরাতের কাছে বড় ব্যবধানে হারল তারা। গুজরাতের দেওয়া ২৩০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪০ রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। এই হারের ফলে চেন্নাইয়ের বিদায় যেমন নিশ্চিত হলো, তেমনই লিগ তালিকায় কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল কলকাতা। এখন কলকাতার অপেক্ষা শুধু পাঞ্জাবের হারের।

ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই। কিন্তু শুরু থেকেই সিএসকে বোলারদের ওপর ব্যাপক দাপট দেখাতে থাকেন গুজরাতের ওপেনারেরা। সাই সুদর্শন এবং শুভমন গিল জুটির সামনে মুকেশ চৌধুরী, স্পেন্সার জনসন বা অংশুল কম্বোজদের বোলিং আক্রমণ সম্পূর্ণ দিশেহীন দেখায়। মাত্র ২৩ বলে দুর্দান্ত অর্ধশতরান করেন শুভমন, যা চলতি আইপিএলে তাঁর টানা পঞ্চম হাফ-সেঞ্চুরি। অন্যপ্রান্তে সাই সুদর্শনও দ্রুত নিজের ৫০ রান পূর্ণ করেন। প্রথম উইকেটে এই জুটি ১২৫ রান যোগ করে। ৩৭ বলে ৬৪ রান করে শুভমন আউট হওয়ার পর ক্রিজে আসেন জস বাটলার। সুদর্শন ৫৩ বলে ৮৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে বিদায় নিলেও, বাটলারের সাথে তাঁর ৩৬ বলে ৮২ রানের বিধ্বংসী জুটি গুজরাতকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থেকে গুজরাতকে ৪ উইকেটে ২২৯ রানে পৌঁছে দেন বাটলার।

পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই চরম বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। মহম্মদ সিরাজের বলে খাতা খোলার আগেই আউট হন দলের প্রধান ভরসা সঞ্জু স্যামসন। নিজের দ্বিতীয় ওভারে এসে রুতুরাজ গায়কোয়াড় (১৬) এবং উর্বিল প্যাটেলকে (০) ফিরিয়ে চেন্নাইয়ের টপ অর্ডারকে একাই ধসিয়ে দেন সিরাজ। বিপর্যয় সামাল দিতে ব্যর্থ হন ওপেনার ম্যাথু শর্টও। মিডল অর্ডারে শিবম দুবে ১৭ বলে ৪৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে কিছুটা আশা জাগালেও, অন্য ব্যাটারদের ব্যর্থতায় তা যথেষ্ট ছিল না। শেষ ভরসা ডেওয়াল্ড ব্রেভিস (৮) আউট হতেই চেন্নাইয়ের সব প্রতিরোধ ভেঙে পড়ে।

এই জয়ের ফলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে বেঙ্গালুরুর সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে গুজরাত। অন্যদিকে, মাত্র ১২ পয়েন্টে থমকে গিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল চেন্নাই। তবে এই ম্যাচের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো— আইপিএলের ইতিহাসে এই প্রথমবার একটি ম্যাচও মাঠে না নেমে টুর্নামেন্ট শেষ করতে হলো মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *