উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আইপিএলের (IPL) লিগ পর্যায়ের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। হায়দরাবাদ ৫৫ রানে ম্যাচ জিতলেও, দিনের শেষে স্বস্তির খবর পেলেন বিরাট কোহলিরা। টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেই প্লে-অফের লড়াইয়ে নামছে বেঙ্গালুরু।
শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক । শুরু থেকেই আরসিবি বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন হায়দরাবাদের ব্যাটাররা। অভিষেক শর্মা, ঈশান কিষান এবং হাইনরিখ ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা খাড়া করে সানরাইজার্স।
২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর শুরুটা ভালো হয়নি। হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই চাপে পড়ে যান বেঙ্গালুরুর ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২০০ রানেই থেমে যায় কোহলিদের ইনিংস। ৫৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় হায়দরাবাদ।
ম্যাচ হারলেও আরসিবির শিবিরে কোনো অন্ধকার নেই। লিগ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মোট ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে বেঙ্গালুরু। নেট রান রেটে অন্যদের তুলনায় এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার এক নম্বর স্থানটি তাদেরই দখলে রইল। এই সাফল্যের ফলে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালের টিকিট পাওয়ার জন্য বেঙ্গালুরু পাবে অতিরিক্ত একটি সুযোগ।
