উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এজলাসের গম্ভীর সওয়াল-জবাব কিংবা আইনের জটিল কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাইকোর্টের মহিলা আইনজীবীরা। হাইকোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ‘ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’ (Intra Bar Womens Cricket)। মাঠের লড়াইয়ে এদিন ফাইনাল ফয়সালা হলো ‘অন দ্য স্পট’, যেখানে রানার-আপ কলকাতা রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল বেঙ্গল রাইজার্স।
ছয় ওভারের এই সংক্ষিপ্ত অথচ হাই-ভোল্টেজ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতা রয়্যালস এবং বেঙ্গল রাইজার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে কলকাতা রয়্যালস তোলে ৬৪ রান। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ৬৫ রান তুলে নেয় বেঙ্গল রাইজার্স। চান্দ্রেয়ী দত্তের মালিকানাধীন এই দলের জয়ের পথ প্রশস্ত করেন অধিনায়ক প্রতীতি দাস ও সহ-অধিনায়ক অমৃতা তিওয়ারি। তাঁদের অনবদ্য ব্যাটিং ও রণকৌশলে সহজ জয় হাসিল করে নেয় বেঙ্গল রাইজার্স।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিচারপতি অনন্যা উপাধ্যায়। উপস্থিত আইনজীবীদের মতে, পেশাগত ব্যস্ততা ও মানসিক ক্লান্তি দূর করতে এই ধরণের সুস্থ প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। বাইশ গজের এই লড়াই আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট সকলে।
