উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নামিবিয়ার মুখোমুখি হচ্ছে ভারত (India VS Namibia)। কিন্তু ভারতীয় শিবিরের শরীরী ভাষা বলছে, তাদের পাখির চোখ আসলে রবিবারের হাই-ভোল্টেজ পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)। মঙ্গলবার কলম্বোর নেটে দুই ঘণ্টা ধরে বোলারদের নিবিড় অনুশীলন সেই ইঙ্গিতই দিচ্ছে। মন্থর পিচ আর পরিস্থিতির চ্যালেঞ্জ সামলাতে এখন থেকেই আটঘাঁট বাঁধছে টিম ইন্ডিয়া।
কলম্বোর পিচ প্রত্যাশার চেয়েও ধীরগতির আচরণ করছে। সহকারী কোচ রায়ান টেন দুশখাতের মতে, মুম্বইয়ের মতো আগ্রাসী ব্যাটিং এখানে খাটবে না। বরং টেকনিক বজায় রেখে টিকে থাকাই এখন মূল লক্ষ্য। দুশখাতে স্পষ্ট জানিয়েছেন, “পিচের চরিত্র অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হবে। শুধু আগ্রাসন নয়, টেকনিকের দিকেও নজর দিতে হবে ব্যাটারদের।” একইসঙ্গে বোলারদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
২০২৬-এর শুরু থেকেই সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে ইতিবাচক বদল লক্ষ্য করা গেছে। গত বছরের পরিসংখ্যানে দেখা গিয়েছিল, ১৯টি ইনিংসের মধ্যে ১১টিতেই তিনি প্রথম ১০ বলের মধ্যে আউট হয়েছিলেন। কিন্তু এই বছর ছবিটা আলাদা। গত ৬টি ইনিংসে প্রথম ১০ বলের মধ্যে তিনি মাত্র একবার আউট হয়েছেন। অর্থাৎ, ক্রিজে থিতু হয়ে বড় রান করার মানসিকতা সূর্যকে পাকিস্তান ম্যাচে ভরসা দিচ্ছে।
পাকিস্তান ম্যাচে ভারতের বড় অস্ত্র হতে পারেন বরুণ চক্রবর্তী। ‘ক্রিকভিজ’-এর পরিসংখ্যান বলছে, ২০২৪ বিশ্বকাপের পর থেকে মাঝের ওভারগুলিতে (৭-১৫ ওভার) সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। অধিনায়ক সূর্যও মাঝের ওভারগুলোতে বরুণকে ব্যবহার করে পাকিস্তানের রানের গতিতে ব্রেক কষতে চাইছেন।
সব মিলিয়ে, নামিবিয়া ম্যাচটি ভারতের কাছে অনেকটা ল্যাবরেটরির মতো, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে চাইছে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরিরা।
