উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতির শুরুটা ভাল হল ভারতের। জয় দিয়ে ২০২৫ সাল শেষ করল ভারতের মহিলা দল। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে (India-Sri Lanka T20) চুনকাম করলেন হরমনপ্রীতেরা। মঙ্গলবার তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে সিরিজের পঞ্চম ম্যাচে ১৫ রানে হারিয়ে ৫-০ ব্যবধানে ‘চুনকাম’ করল হরমনপ্রীত কৌরের দল। ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল দীপ্তি শর্মার বিশ্বরেকর্ড; আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন বিশ্বের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
এদিন স্মৃতি মন্ধানা ও জেমাইমা রড্রিগেজের অনুপস্থিতিতে ভারতের শুরুটা মোটেও ভালো ছিল না। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। শেফালি বর্মা (৫) ও অভিষিক্ত জি কমলিনি (১২) দ্রুত আউট হন। ব্যর্থ হন রিচা ঘোষ ও দীপ্তি শর্মাও। ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে, তখন দলের হাল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৪৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি পাল্টা আক্রমণ শুরু করেন। শেষ দিকে অরুন্ধতী রেড্ডির মাত্র ১১ বলে বিধ্বংসী ২৭ রানের ক্যামিও ভারতকে ২০ ওভারে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়।
১৭৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। অরুন্ধতী শুরুতেই ফিরিয়ে দেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তুকে। যদিও হাসিনি পেরেরা (৬৫) লড়াই চালিয়েছিলেন, কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তা যথেষ্ট ছিল না। এই ম্যাচেই ইতিহাস গড়লেন দীপ্তি শর্মা। নীলাক্ষি ডি’সিলভাকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ১৫২তম উইকেটটি নেন তিনি। টপকে যান অস্ট্রেলিয়ার মেগান শুটকে। বর্তমানে এই ফরম্যাটে তিনিই সর্বোচ্চ উইকেটের মালিক। ৩৩৪টি উইকেট নিয়ে তিন ফরম্যাট মিলিয়ে তিনি এখন ঝুলন গোস্বামীর রেকর্ডের দিকে এগোচ্ছেন।
এটি ভারতের তৃতীয় ৫-০ ব্যবধানে সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ (২০১৯) ও বাংলাদেশকে (২০২৪) একইভাবে চুনকাম করেছিল ব্লু-ব্রিগেড। প্রথম সারির একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েও শ্রীলঙ্কাকে একতরফা ভাবে হারিয়ে ভারত বুঝিয়ে দিল, তাদের বেঞ্চ শক্তি কতটা মজবুত। ১৫ রানে জয় ছিনিয়ে জয়ের উৎসবের মেজাজেই বছর শেষ করল ভারত।
