অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ মিশন অস্ট্রেলিয়া সফল। টি২০ সিরিজ জয়ের পর আজ রাতেই কলকাতায় পৌঁছে গেলেন শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহরা।
হালকা শীতের আমেজে মোড়া কলকাতায় রাত সাড়ে দশটার সামান্য পরে শুভমানরা যখন পৌঁছালেন কলকাতায়, তখন তাঁদের নিয়ে রীতিমতো হুড়োহুড়ি দেখা গেল। কোচ গৌতম গম্ভীরও আজ রাতেই দলের সঙ্গে চলে এলেন কলকাতায়। সেই কলকাতা, যে শহর জানে কোচ-ক্রিকেটার-মেন্টর গম্ভীরের অনেক কিছু। টিম ইন্ডিয়ার টেস্ট দলের বাকি সদস্যরা সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে দেশের নানা প্রান্ত থেকে কলকাতায় হাজির হবেন। মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে ভারতীয় দলের অনুশীলনও রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে টিম ইন্ডিয়া অনুশীলন করবে। দুপুরে ইডেনে নামবেন টেম্বা বাভুমা, কাগিসো রাবাদারা।
গিলরা রাতের দমদম বিমানবন্দরে পা রাখার কয়েক ঘণ্টা আগে সকালের দিকে রাবাদা সহ দক্ষিণ আফ্রিকা দলের একঝাঁক ক্রিকেটার পাকিস্তানে সিরিজ খেলে দুবাই হয়ে কলকাতায় পৌঁছে যান। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা সহ টেস্ট স্কোয়াডে থাকা বাকি প্রোটিয়া সদস্যরা কাল ভোরে কলকাতায় নামছেন। রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার কলকাতায় পৌঁছে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আসন্ন টেস্ট সিরিজের উন্মাদনা বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে টিকিটের খোঁজও চলছে। সঙ্গে ইডেনের বাইশ গজ নিয়েও চর্চাও শুরু হয়ে গিয়েছে।
কেমন পিচ হতে পারে শুক্রবার থেকে শুরু হতে চলা ইডেন টেস্টের? ক্রিকেটের নন্দনকাননের কিউরেটার সুজন মুখোপাধ্যায় দাবি করছেন, স্পোর্টিং পিচ হবে ইডেনে। অতীতে আন্তর্জাতিক ম্যাচের সময় ঠিক যেমন হয়েছে। যদিও সূত্রের খবর, কলকাতায় পা রাখার আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে কিউরেটার ও সিএবি-র শীর্ষকর্তাদের কাছে ঘূর্ণি পিচের আবদার পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজের মতো জোরে বোলার থাকার পরও তিন স্পিনারে দল নামাতে চাইছেন কোচ গম্ভীর। কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটনদের ইডেন টেস্টের প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। রাতের দিকের খবর, কলকাতায় পা রাখার পর আগামীকাল দুপুরের দিকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কোনও প্রতিনিধি ইডেনে হাজির হতে পারেন পিচ দেখতে। যদিও সিএবি-র তরফে পুরো বিষয়টিকে গোপন রাখার চেষ্টা চলছে প্রবলভাবে।
এদিকে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে টার্নারের আবদার নিয়ে রীতিমতো বিরক্তি তৈরি হয়েছে বঙ্গ ক্রিকেটের অন্দরে। শেষ কয়েক বছর ধরেই ইডেনের পিচ মানে গতি, বাউন্সের গনগনে কড়াই। জোরে বোলারদের হ্যাপি হান্টিং গ্রাউন্ড। যদিও এবার ছবিটা বদলাতে পারে। কারণ, গম্ভীর-গিল জমানায় টিম ইন্ডিয়া দেশের মাঠে ঘূর্ণি পিচেই খেলছে টেস্ট ম্যাচ। যদিও গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘূর্ণি পিচ বানিয়েও টিম ইন্ডিয়ার হোয়াইটওয়াশ নজির এখনও তাজা অনেকের স্মৃতিতে। তাই গম্ভীরদের টার্নারের আবদার রাখতে গিয়ে টিম ইন্ডিয়ার ফের মুখ না পোড়ে, এমন জল্পনা ক্রমশ বাড়ছে।
