কলকাতা: ২০১৯ সালে শেষবার ইডেন গার্ডেন্সে টেস্টের আসর বসেছিল। সেবার বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টে ক্রিকেটের নন্দনকাননে শতরান করেছিলেন বিরাট কোহলি। মাঝের সময়ে গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে। ভারতীয় ক্রিকেটেও পালাবদল হয়েছে। ৬ বছর পর আবার টেস্ট ম্যাচ হতে চলেছে ইডেনে। ১৪ নভেম্বর থেকে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে শুভমান গিলের টিম ইন্ডিয়া। সেই ম্যাচের টিকিটের দাম শনিবার সিএবি-র অ্যাপেক্স কমিটির বৈঠকে চূড়ান্ত হল। টিকিটের দাম শুরু হচ্ছে ৩০০ টাকা থেকে। সর্বাধিক মূল্য ১২৫০ টাকা। এছাড়াও থাকছে ১০০০ ও ৭৫০ টাকা দামের টিকিটও। এদিন নতুন কমিটির প্রথম অ্যাপেক্স বৈঠকে বিভিন্ন সাব-কমিটিও গঠিত হয়ে গিয়েছে।
