গুয়াহাটি: এ এক অদ্ভুত সন্ধিক্ষণ! নিজেদের পাতা ফাঁদে নিজেরা ডুবে যাওয়ার ধাক্কা কাটেনি এখনও। অধিনায়ক শুভমান গিলের চোট সারেনি এখনও। দলের কম্বিনেশনের গোলকধাঁধাও রয়েছে প্রবলভাবে।
এমন অবস্থার মধ্যেই শনিবার থেকে গুয়াহাটির বর্ষাপাড়ার ক্রিকেট মাঠে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। যে টেস্টের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার।
ঠিক এক বছর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। মাঝে এক বছর পার হয়ে গেলেও বাস্তবে দেখা যাচ্ছে, ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেট তৈরি করে নিজেরাই ঘূর্ণির ফাঁদে পড়ে যাচ্ছে। ম্যাচও হারছে। এভাবেই গত সপ্তাহে ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩০ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া।
শেষপর্যন্ত বর্ষাপাড়া ক্রিকেট মাঠে টিম ইন্ডিয়ার জন্য কী অপেক্ষা করে রয়েছে, সময় তার জবাব দেবে। তার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের নানা সিদ্ধান্ত নিয়ে চলছে প্রবল বিতর্ক। অধিনায়ক শুভমান ঘাড়ের চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না, জানাই ছিল। শুক্রবার সকালে সরকারি ঘোষণাটা শুধু হল। গিলকে স্কোয়াড থেকে ছেড়ে আরও উন্নত চিকিৎসার জন্য মুম্বই পাঠানো হচ্ছে বলে খবর। প্রশ্ন হল, কলকাতার চিকিৎসকরা আগেই ঘোষণা করেছিলেন, গুয়াহাটি টেস্টে গিলের খেলার সম্ভাবনা ক্ষীণ। তাহলে আগেই তাঁকে মুম্বই পাঠিয়ে দেওয়া হল না কেন? জবাব নেই। শুভমানের অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ নেতৃত্ব দেবেন। কিন্তু গিলের বদলে চার নম্বরে ব্যাটিং করবেন কে? তাঁর পরিবর্তই বা কে হবেন?
টিম ইন্ডিয়ার তরফে পুরো বিষয় নিয়েই ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে। যদিও গতকালের পর আজ বর্ষাপাড়ার ক্রিকেট মাঠে টিম ইন্ডিয়ার অনুশীলন যদি কোনও কিছুর ইঙ্গিত হয়, তাহলে বলা যেতে পারে গিলের পরিবর্তে বি সাই সুদর্শন দ্বিতীয় টেস্টের দলে ফিরছেন। তিন নম্বরে ব্যাটিং করবেন সুদর্শন। আর সব ঠিকমতো চললে চার নম্বরে ধ্রুব জুরেলকে ব্যাটিং করতে দেখা যাবে। এখানেও রহস্য! সঙ্গে প্রশ্ন, একটি টেস্টে ওয়াশিংটন সুন্দরকে তিন নম্বরে ব্যবহারের পর কি ভারতীয় টিম ম্যানেজমেন্টের মোহভঙ্গ হল? জবাব নেই। যদিও টিম ইন্ডিয়ার অন্দরের একটি সূত্রের দাবি, অলরাউন্ডার ওয়াশিংটন দ্বিতীয় টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করবেন আগামীকাল থেকে শুরু হতে চলা গুয়াহাটি টেস্টে।
ইডেন টেস্টের জন্য ভারতীয় দলের প্রস্তুতির শুরু থেকে নজরে ছিল পিচ। বর্ষাপাড়ার মাঠে আগামীকাল দ্বিতীয় টেস্ট শুরুর আগেও পিচ নিয়ে চর্চা চলছে। যদিও ইডেনের তুলনায় বর্ষাপাড়ার পিচের চরিত্র অনেকটাই আলাদা। হার্ড উইকেট। শুরুর দিকে পেসারদের জন্য সাহায্য থাকবে বলেই ধরে নেওয়া হচ্ছে। দ্বিতীয় দিন থেকে বল ঘোরার সম্ভাবনা। এমন পিচে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কেমন হবে? ভারত কি চার স্পিনারেই খেলবে? গিলের অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া ঋষভ সাংবাদিক সম্মেলনে তাঁর প্রথম একাদশ নিয়ে খোলসা করে কিছু বলেননি। তবে সূত্রের খবর, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বিস্তর পরিবর্তন হতে চলেছে। নীতীশ কুমার রেড্ডি ও সুদর্শনের দলে ফেরা প্রায় নিশ্চিত বলেই খবর। এই প্রথম টেস্ট হচ্ছে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়ার শহর গুয়াহাটিতে। টেস্ট ম্যাচ নিয়ে রয়েছে প্রবল উন্মাদনাও। এখানেও খটকা! খেলা পাঁচদিন কি চলবে? জবাব জানে না দুনিয়া।
শুভমানের মতোই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না কাগিসো রাবাদার। তার জন্য আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা টেম্বা বাভুমার দলের কোনও টেনশন নেই। বরং সাইমন হার্মার, মার্কো জানসেনরা ইডেনে দলকে যেভাবে ভরসা দিয়েছিলেন, গুয়াহাটিতে তার পুনরাবৃত্তির স্বপ্নে ডুবে প্রোটিয়ারা। উইয়ান মুল্ডার নাকি সেনুরান মুথুস্বামী নিয়ে চলছে টানাপোড়েন। যদি মুথুস্বামী খেলেন, তাহলে বর্ষাপাড়ার মাঠে তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামবেন বাভুমা।
ম্যাচের ফল কী হবে? অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা।
