এবারের সাফ কাপটা মোটামুটি হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। ১৮ জন ফুটবলার নিয়ে কোচ নৌশাদ মুসা ঢাকায় গেলেন পাকিজনের বিরুদ্ধে সাফের প্রথম ম্যাচ খেলতে। দেখা যাচ্ছে, বুধবার মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামার আগে সেই দলের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক ছিল, ১৮ জন ফুটবলারের সঙ্গে আরও ১০জন ফুটবলার বুধবার মালদ্বীপ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। ফলে গ্রুপের বাকি দুটো ম্যাচের আগে ভারতীয় দল শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু পাকিস্তান ম্যাচের পর পরিস্থিতিটা কিছুটা বদলে গেল আপুইয়া আর সাহালের চোটের জন্য।
পাকিস্তান ম্যাচে ভালো খেলার পর স্টপার থেকে বিজয় আর লেফট উইঙ্গার, পাঞ্জাব এফসির সোহেলকে খালিদ নিয়ে গেলেন সিনিয়ার দলের জন্য নিউজিল্যান্ডে। এই দু’জনকে ধরেই সাফ কাপের দল সাজিয়েছিলেন নৌশাদ মুসা। ঠিক ছিল, আইএসএলে ওড়িশা ম্যাচটা খেলেই ঢাকায় উড়ে যাবেন মোহনবাগানের লিস্টন কোলাসো। সবুজ-মেরুনের এই উইঙ্গারকে ধরেই বুধবার মালদ্বীপের বিরুদ্ধে পরিকল্পনা করেছিলেন সাফে ভারতীয় দলের কোচ। কিন্তু শেষ মুহূর্তে খালিদ তাঁকেও সিনিয়র দলের জন্য ডেকে নিয়েছেন। এখানেই শেষ নয়। নিউজিল্যান্ড ম্যাচের জন্য এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ। ফলে মুম্বই সিটি এফসি মনে করেছে, দেরিতে মরশুম শুরু করায়, তাদের ফুটবলাররা ম্যাচ ফিট হয়ে ওঠেননি। এই সময়ে ফুটবলারদের ট্রেনিং করিয়ে আইএসএলের পরবর্তী ম্যাচগুলির জন্য ফিট করে তোলা যাবে। সেই কারণেই পাকিস্তান ম্যাচের পর দলের ৫ জন ফুটবলারকে ঢাকা থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
যে ফুটবলাররা ঢাকায় সাফ কাপে ভারতীয় দলে শেষ মুহূর্তে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিষ্ণু, সন্দীপ মান্ডি, সানা। তাতেও অবশ্য নৌশাদ মুসা মনে করছেন, মালদ্বীপকে হারানো খুব একটা সমস্যা হবে না। পাকিস্তানের বিরুদ্ধে মালদ্বীপের ম্যাচ দেখার পর মুসার মনে হয়েছে, মালদ্বীপ দলটা গতি ভালো। কিন্তু তাতে ভারতীয় দলের খুব একটা সমস্যা না হওয়ারই কথা। যে পাকিস্তানকে সুহেল ভাটরা প্রথম ম্যাচেই ৩-২ গোলে হারিয়েছেন, সেই পাকিস্তান আবার মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। ফলে মালদ্বীপের বিরুদ্ধে ভারতীয় দল যে এমনিতেই ফেভারিট হিসেবে মাঠে নামবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মালদ্বীপের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ থেকে কোয়ালিফাই করে যাবে ভারত। ঢাকা থেকে ফোনে নৌশাদ মুসা বলছিলেন, “ড্র-র কথা ভেবে খেলতে নামলে সমস্যা হবে। পাকিস্তানের মতো মালদ্বীপকেও হারাতে হবে।” তবে সাফে নানাবিধ সমস্যা চলছেই। প্রথম দিন টিম হোটেলে পৌঁছে চার ঘন্টা লবিতে বসে থাকতে হয়েছিল রুমের জন্য। পরে দেখা গেল প্রাতরাশের মেনু নিয়ে সমস্যা। ফুটবলারদের প্রাতরাশের জন্য যে মেনু থাকা দরকার, দেখা গেল হোটেল কর্তৃপক্ষ সাধারাণ পর্যটকদের জন্য যে মেনু থাকে, সেটাই রেখেছে ফুটবলারদের জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
