উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ভারতীয় সীমান্ত বরাবর চিনের তৈরি ২৫০টি ‘এসএইচ-১৫’ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রোপেল্ড হাউইৎজার কামান মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের পূর্ব সীমান্তে উত্তর থেকে দক্ষিণ- বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে এই কামান বসানোর কাজ শুরু করেছে পাক সেনা।
২০২৫ সালের মে মাসে নিয়ন্ত্রণরেখা (LoC) এবং পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়েছিল। সেই ঘটনার পর নিজেদের সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের অংশ হিসেবে সীমান্তে দূরপাল্লার কামানের উপস্থিতি বাড়াল ইসলামাবাদ।
চিনের রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘নোরিনকো’ (NORINCO)-র তৈরি এই এসএইচ-১৫ মূলত পিপলস লিবারেশন আর্মির ব্যবহৃত পিসিএল-১৮১ কামানের রপ্তানি সংস্করণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ২৫০টি এসএইচ-১৫ ব্যবস্থা পাকিস্তানের বেশ কয়েকটি আর্টিলারি রেজিমেন্টকে শক্তিশালী করে তুলবে। বিশেষ রকেট-সহায়ক ভি-ল্যাপ প্রজেক্টাইল ব্যবহার করলে এই কামান থেকে ৫৩ থেকে ৭২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।
সম্প্রতি রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে চিনের পিপলস লিবারেশন আর্মির ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে পাকিস্তান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, চিনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং সহ দুই দেশের সামরিক কর্তারা।

