উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোয় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত (India On Us Tariff Hike)। ভারতের তরফে এই শুল্ক বৃদ্ধিকে ‘অনায্য ও অযৌক্তিক’ বলে জানানো হয়েছে। পাশাপাশি এও বলা হয়েছে, জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সবরকম পদক্ষেপ নেবে। বুধবার রাতে জারি করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারত তার অবস্থান স্পষ্ট করা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র (United STates of America) সম্প্রতি রাশিয়া (Russia) থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করে চলেছে। আমাদের জ্বালানি আমাদের বাজারের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ১৪০ কোটি ভারতীয় নাগরিকের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।’ বলে বিবৃতিতে জোর দেওয়া হয়েছে। মার্কিন পদক্ষেপকে “গভীরভাবে দুঃখজনক” বলে বর্ণনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে আরও বেশ কয়েকটি দেশ তাদের নিজ নিজ জাতীয় স্বার্থ অনুসারে রাশিয়ান তেল আমদানি করে চলেছে। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে আলাদা করে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া বৈষম্যমূলক। দৃঢ়ভাবে বিবৃতিতে আরও জানানো হয়েছে যে সরকার ‘দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ” নেবে।
কিছুদিন আগেই ভারতীয় পণ্যের উপ একতরফা ভাবে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে সেই শুল্কবৃদ্ধি কার্যকরও হয়েছে। রাশিয়া থেকে ভারতের তেল কেনাকেই এর অন্যতম কারণ হিসেবে জানিয়েছিল মার্কিন প্রশাসন। ভারতের অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেও তোপ দাগেন তিনি। সেই সময়েই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন রাশিয়া থেকে তেল কেনার জন্য ‘পেনাল্টি’ দিতে হবে ভারতকে। বুধবার সেই পেনাল্টি হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক চাপালেন। সব মিলিয়ে ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক গিয়ে দাঁড়াল ৫০ শতাংশ। এদিনই শুল্কবৃদ্ধি সংক্রান্ত এক্সিকিউটিভ অর্ঢারে সই করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে নতুন এই শুল্ক কার্যকর হবে ২১ দিন পর অর্থাৎ ২৭ আগস্ট থেকে। উল্লেখ্য গতকালই ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি।
