উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : বিশ্বের একাধিক প্রান্তে যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। অনেক দেশের অর্থনীতিই যখন চাপের মুখে, তখন নিজের বিকাশের গতি বজায় রেখে ঘুরে দাঁড়িয়েছে ভারত। আন্তর্জাতিক মুদ্রাভান্ডার (আইএমএফ) তাদের সাম্প্রতিক পূর্বাভাসে জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি (GDP) আগের অনুমানের চেয়েও দ্রুত গতিতে বাড়তে পারে।
আইএমএফ তাদের সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’-এ জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার হতে পারে ৭ শতাংশ, যা তাদের আগের পূর্বাভাসে থাকা ৬.৪ শতাংশের চেয়ে অনেকটাই বেশি। শুধু চলতি অর্থবর্ষেই নয়, আগামী অর্থবর্ষেও (২০২৭-২৮) ভারতের অর্থনৈতিক বিকাশের হার ৭ শতাংশে স্থির থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। পূর্বে আগামী অর্থবর্ষের জন্য ৬.৭ শতাংশ বৃদ্ধি অনুমান করা হয়েছিল।
আন্তর্জাতিক সংস্থার মতে, অভ্যন্তরীণ বাজারে পণ্যের স্থিতিশীল চাহিদা এবং পরিষেবা খাতের বেশ কিছু পোক্ত পদক্ষেপের ওপর ভর করেই ভারত এই প্রতিকূল পরিস্থিতিতেও নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষের ৭.৮ শতাংশ বৃদ্ধির তুলনায় এই হার কিছুটা কম। অন্যদিকে, আইএমএফ-এর হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে বৈশ্বিক সার্বিক অর্থনৈতিক বিকাশ ৩.১ শতাংশ হতে পারে, যা আগের ৩ শতাংশের থেকে সামান্য বেশি এবং আগামী অর্থবর্ষে তা আরও কিছুটা বেড়ে ৩.৪ শতাংশ স্পর্শ করতে পারে।

