উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক ক্ষেত্রে নয়া মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। প্রত্যাশামতোই জাপানকে পিছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে ভারত আজ চতুর্থ শক্তি। সোমবার কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ভারতের অর্থনীতির (India GDP) আকার বর্তমানে ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ২০৩০ সালের মধ্যে জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার ঘোষণা।
কেন্দ্রের পরিসংখ্যানে যে তথ্য উঠে এসেছে, তা হল ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৮.২ শতাংশে, যা প্রথম ত্রৈমাসিকে ছিল ৭.৮ শতাংশ। সরকারের দাবি, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে ভারত জার্মানিকে সরিয়ে তৃতীয় স্থান দখল করবে এবং ২০৩০ সাল নাগাদ ভারতের জিডিপি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এখন আমেরিকা চিন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
কেন ভারতের এই উত্থান তার ব্যখ্যাও দেওয়া হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণেই মূলত এই বৃদ্ধি। এর আগে বিশ্বব্যাংক, আইএমএফ (IMF), এবং মুডি’স-এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও ভারতের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।
অন্যদিকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) তাদের পূর্বাভাস বাড়িয়ে ৭.২ শতাংশ করেছে। ফিচ (Fitch)-এর মতে, ২০২৬ অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধি ৭.৪ শতাংশে পৌঁছতে পারে। সরকারের লক্ষ্য ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে দেশকে উচ্চ মধ্য আয়ের দেশে পরিণত করা। সরকারের দাবি, দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এবং বেকারত্বের হারও নিম্নমুখী।
