উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের (Zubeen Garg) অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম। এবার ভূমিপুত্রের মৃত্যুতে সিঙ্গাপুরে তাঁর অনুষ্ঠান আয়োজক সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ করল অসম সরকার (Assam Authorities)।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের (North East India Competition) আয়োজক শ্যামকানু মহন্ত অসমে আর কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন না। তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয়, তিনি বা তাঁর সঙ্গে যুক্ত যে কোনও সংস্থাই অসমে কোনও অনুষ্ঠান করতে পারবে না (Blacklisted)।
এদিন এক্স হ্যান্ডেলে একটি পোষ্টে তিনি লেখেন, ‘রাজ্য সরকার শ্যামকানু মহন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত যেকোনও সংস্থাকে অসমের মধ্যে কোনও অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁর সঙ্গে যুক্ত যেকোনও অনুষ্ঠানের জন্য কোনও আর্থিক অনুদান, বিজ্ঞাপন বা স্পনসরশিপ প্রদান করবে না। রাজ্য সরকার ভারত সরকারকে অনুরোধ করবে যেন তাঁকে কোনওভাবেই কোনও আর্থিক সহায়তা বা স্পনসরশিপ না দেওয়া হয়।’
The State Authorities has determined to ban Shri Syamkanu Mahanta and any organisation related to him from holding any capabilities or festivals inside the State of Assam. Additional, the State Authorities won’t present any monetary grant, commercial, or sponsorship to any…
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 24, 2025
নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের পাশাপাশি শ্যামকানু মহন্ত থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নয়াদিল্লিতেও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। জুবিনের মৃত্যুর পরই নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজনকারী সংস্থাকে প্রথমেই কাঠগড়ায় তোলা হয়েছিল। এমনকি শ্যামকানু মহন্তর বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআরও দায়ের করা হয়েছিল।
উল্লেখ্য, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গর্গ। কিন্তু সেখানেই গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। তারপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও। সিঙ্গাপুরের তরফে দেওয়া মৃত্যুর শংসাপত্রে জুবিনের জলে ডুবে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু এনিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। গত সোমবারই গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সে রাজ্যের সরকার। সেই মতো মঙ্গলবার ময়নাতদন্তের পর নির্ধারিত সময়ে কামারকুচি গ্রামে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়।
