উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতের মানচিত্র বিকৃত করে (Incorrect Map) দেখানো হল বাংলাদেশে আয়োজিত এক সেমিনারে (Bangladesh)। যদিও তা দেখামাত্রই তীব্র প্রতিবাদ জানান সেখানে উপস্থিত এক ভারতীয় কূটনীতিক (Indian diplomat)।
জানা গিয়েছে, শুক্রবার ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS)-এ আয়োজিত একটি সেমিনারে (Dhaka seminar) জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। এরপরই এর বিরোধিতা করেন ভারতের হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন’ শীর্ষক ওই সেমিনারে মূল বক্তা ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। স্লাইড প্রেজেন্টেশনের সময় প্রদর্শিত মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের বাইরে দেখানো হয়। বিষয়টি নজরে আসা মাত্রই দাঁড়িয়ে পড়েন পূজা কুমারী ঝা। তিনি স্পষ্টভাবে বলেন, ‘স্যর, এটি একটি ভুল মানচিত্র। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’
জবাবে প্রাক্তন হাই কমিশনার তারিক করিম দাবি করেন, মানচিত্রটি শুধুমাত্র ‘প্রতিনিধিত্বমূলক উদ্দেশ্যে’ ব্যবহৃত হয়েছে এবং এটি প্রকৃত সীমানা নির্দেশ করে না। তবে কূটনীতিক পূজা কুমারী ঝা তাঁর অবস্থানে অটল থেকে পুনরায় বলেন, ‘আমি আপনার ব্যাখ্যা বুঝতে পারছি, কিন্তু এখানে জম্মু ও কাশ্মীরকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা ভারতের অখণ্ডতার পরিপন্থী।’ তাঁর এই দৃঢ় অবস্থানের পর তারিক করিম বিষয়টি ‘নোট করা হয়েছে’ বলে জানান।
উল্লেখ্য, এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সেমিনারের এই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, ভারতীয় কূটনীতিকের এই সাহসিকতা ও দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর তাৎক্ষণিক ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। ভারতের সরকারি অবস্থান বরাবরই স্পষ্ট—জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ, আর এই অবস্থানের সঙ্গে কোনও ধরনের আপস করা হবে না।

