উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নুন আর লেবু, এই দুই উপাদানের দেখা সকলের রান্নাঘরেই মেলে। নুন ছাড়া সব রান্না অসম্পূর্ণ। আর খাবার পাতে লেবু না থাকলে যেন মন ভরে না। তবে শুধু রান্না কিংবা খাবারের ক্ষেত্রে নয়, বাড়ির নানারকম কাজে আসে নুন-লেবু। এই নুন-লেবু ব্যবহারের ফলে কোন কোন ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে, জেনে নিন (Ideas)।
জামাকাপড় পরিষ্কার
জামাকাপড়ের দাগও পরিষ্কার করে দিতে পারে নুন-লেবু। জামার যে অংশে দাগ লেগেছে তার উপর নুন মাখিয়ে রাখুন এবং লেবুর খোসা দিয়ে ঘষতে থাকুন। এতে সমস্ত দাগ উঠে যাবে।
বাসন মাজা
বাসন মাজতে পারেন নুন-লেবু দিয়ে। এই দুই উপাদান বাসন থেকে পোড়া দাগ, তেলচিটে দাগ, আঁশটে গন্ধ সব পরিষ্কার করে দেয়। একটি পাত্রে নুন এবং পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে বাসন মেজে ধুয়ে নিতে পারেন।
রুম ফ্রেশনার
ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতেও সহায়ক নুন-লেবু। একটি স্প্রে বোতলে পর্যাপ্ত জল নিন। তাতে মধ্যে নুন, লেবুর রস এবং লেবুর খোসা মিশিয়ে নিন। একটু নেড়ে নিয়ে গোটা ঘরে স্প্রে করতে পারেন এই হোমমেড রুম ফ্রেশনার।
ঘর পরিষ্কার
ঘরের নোংরা মেঝে, ঝুল জমে যাওয়া কোণ পরিষ্কার করতে কাজে লাগান নুন-লেবু। ঘর মোছার জলে লেবুর রস এবং নুন মিশিয়ে দিন। লেবুর খোসাও মেশাতে পারেন। এই জল দিয়ে ঘর মুছে নিলে মেঝে একদম চকচক করবে। পাশাপাশি ঘরের মেঝেতে পিঁপড়ের উপদ্রবও বন্ধ হবে।
