উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৩৮ বলে ঝোড়ো ১১৩ রানের ইনিংস খেলে আইসিসি (ICC T20 Rating) টি-টোয়েন্টি ব্যাটারদের নতুন প্রকাশিত ক্রমতালিকায় ফের শীর্ষস্থান দখল করলেন ভারতের বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা। অন্যদিকে, দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় এক নম্বর আসন হাতছাড়া হলো তারকা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। তাঁকে টপকে শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার তথা অলরাউন্ডার মার্কো জানসেন।
আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছেন অভিষেক শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী শতরান তাঁকে ৮৯৭ রেটিং পয়েন্টে পৌঁছে দিয়েছে। এর আগে তালিকায় শীর্ষে থাকা ঈশান কিশন চোটের কারণে কিউইদের বিরুদ্ধে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে না পারায় দুই ধাপ নেমে ৮৬৬ রেটিং নিয়ে তিন নম্বরে চলে গিয়েছেন। তবে ভারতের শীর্ষস্থান হাতছাড়া হয়নি। এদিকে, এক ধাপ এগিয়ে ৮৮৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। পাশাপাশি, ফর্মে না থাকায় ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আয়ার পাঁচ ধাপ পিছিয়ে ৭৫৮ রেটিং নিয়ে নয় নম্বরে নেমে গিয়েছেন এবং আগের মতোই দশে রয়েছেন তিলক বর্মা (৭২৪)।
টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের ক্রমতালিকায় দীর্ঘ সাড়ে চার বছর এক নম্বর জায়গা ধরে রাখার পর তা হারাতে হলো রবীন্দ্র জাদেজাকে। ৪২২ রেটিং নিয়ে তিনি দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন। তাঁকে টপকে ৪৫১ রেটিং নিয়ে টেস্ট অলরাউন্ডারদের এক নম্বর সিংহাসন দখল করেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। শুধু অলরাউন্ডাররাই নন, টেস্ট বোলারদের ক্রমতালিকাতেও শীর্ষস্থান অর্জন করেছেন জানসেন, যেখানে দ্বিতীয় স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। এছাড়া টেস্ট অলরাউন্ডারদের তালিকায় ভারতের ওয়াশিংটন সুন্দর তাঁর আগের মতোই সাত নম্বর স্থানটি (২৩৪ রেটিং) ধরে রেখেছেন।
The publish ICC T20 Ranking | নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো সেঞ্চুরি! আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে অভিষেক appeared first on Uttarbanga Sambad.
