উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর ওইদিন বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে হুংকার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। স্বাভাবিকভাবেই হুমায়ুনের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
বাবরি মসজিদ ধ্বংসের (Babri Masjid) দিন অর্থাৎ আগামী ৬ ডিসেম্বর সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যেই দলের সমস্ত সদস্যদের কাছে এই দিনকে বিশেষভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অথচ দলের এই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে হুংকার দিলেন হুমায়ুন কবীর। তাঁর সাফ কথা, ‘বেলডাঙায় আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। তাই আমি সংহতি দিবসে উপস্থিত থাকতে পারব না।’
এরই পাশাপাশি হুমায়ুনের আরও বক্তব্য, ‘ওই দিন ইসলাম সমাজের ধর্মগুরুরা থাকবেন। মদিনা থেকে একজন আসবেন। এছাড়াও দিল্লি, কলকাতা, মুম্বই থেকে আসবেন অনেকে। আব্বাস সিদ্দিকিকেও জানাব। আমি একজন মুসলিম। চক্রান্তের শিকার বাবরি মসজিদ। আর মসজিদ লিগ্যাল জায়গায় করা হয়। আমি আশা করছি ওই দিন প্রায় ২ লক্ষ লোক আসবেন মুর্শিদাবাদে। শুধু মুর্শিদাবাদ নয়, সারা রাজ্য থেকেই মানুষেরা আসবেন।’
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথ্যার কারণ হুমায়ুন কবীর। অতীতে একাধিকবার বহু বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরফলে অস্বস্তিতে পড়তে হয় দলকে। এরপর ক্ষমা চেয়ে নিলেও হুমায়ুন আছেন হুমায়ুনেই। সম্প্রতি নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন। আজ ফের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি হবে বলে হুংকার দিলেন। তাই এককথায় বলা যেতে পারে হুমায়ুন কবীরকে কিছুতেই দমাতে পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
