Hormuz Strait | হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা! ‘লিমপেট মাইন’ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ২৭ ভারতীয় নাবিকবাহী জাহাজ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালীতে (Hormuz Strait) নতুন করে সামুদ্রিক যুদ্ধের আবহ তৈরি হয়েছে। গত ৩০ অক্টোবর পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার MT LOUISE 1-এর ওপর লিম্পেট মাইন দিয়ে হামলা চালানো হয়। এই জাহাজে ২৭ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন-ইরান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ওই জলপথে কোনো বিস্ফোরক সফলভাবে ব্যবহার করে হামলা চালানোর ঘটনা ঘটল। জানা গিয়েছে, এই বিস্ফোরণের ফলে জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে সেটির গতিশীলতা ব্যাহত হয়। তবে স্বস্তির বিষয় হলো, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন যে এই ঘটনায় সমস্ত কর্মী সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

এর আগে গত ২৯ অক্টোবর লাইবেরিয়ার পতাকাবাহী বিশাল ক্রুড ক্যারিয়ার ‘এমটি আরজানাহ’ (MT ARZANAH) ও ওপর একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের মতো বস্তু দিয়ে হামলা চালানো হয়। ওই জাহাজে দুজন ভারতীয় নাগরিক ছিলেন। সবমিলিয়ে এই দুই জাহাজে থাকা মোট ২৯ জন ভারতীয় নাগরিকই নিরাপদে আছেন এবং তাঁদের কারোরই কোনো আঘাত লাগেনি বলে নিশ্চিত করেছেন মন্ত্রী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) এক পোস্টে সোনোয়াল জানান যে গোটা পরিস্থিতির ওপর সরকারের তরফ থেকে কঠোর নজরদারি রাখা হচ্ছে এবং ভারতীয় ক্রুদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিপিং ম্যানেজমেন্ট কোম্পানিগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

জানা গিয়েছে, একটি ছোট নৌকো বা ক্রাফট থেকে ট্যাংকারটির গায়ে দুটি লিম্পেট মাইন লাগিয়ে দেওয়ার পর সেটিকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল। ওমানের খাসাবের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটে বলে ব্রিটিশ নৌবাহিনী এজেন্সি ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে। তবে এর আগে গত সেপ্টেম্বর মাসে লিম্পেট মাইন দিয়ে আক্রমণের একটি ব্যর্থ চেষ্টা হয়েছিল, কারণ সেই সময় বিস্ফোরকগুলি ঠিকমতো ফাটেনি। বৃহস্পতিবারের এই হামলার পেছনে ঠিক কাদের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলির নিরাপত্তা নিয়ে এই ঘটনায় নতুন করে গভীর শঙ্কা তৈরি হয়েছে। গ্রিসভিত্তিক মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি মারিস্কস (Marisks) জানিয়েছে, একটি ছোট নৌকা কীভাবে চলমান ট্যাংকারের কাছে এসে বিস্ফোরক জুড়ে দিয়ে নিরাপদে পালিয়ে গেল, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। বিশেষ করে প্রণালীর ব্যস্ত শিপিং চ্যানেলে এই ধরনের ঘটনা বড় বিপদের ইঙ্গিত দেয়। সংস্থার মতে, লিম্পেট মাইনগুলি অত্যন্ত সস্তা এবং সহজেই পাওয়া যায়, যার ফলে স্বল্প খরচে কম প্রযুক্তির সাহায্যে এই ধরনের হামলা চালানো দুষ্কৃতীদের কাছে সহজ হয়ে উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *