উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খড়গপুরের বিজেপি বিধায়ক (Kharagpur MLA) তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন এবার আইনি জটিলতায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে (Hiran Chatterjee marriage controversy) করার অভিযোগে হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। বুধবার রাতে কলকাতার আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং কন্যা নিয়াশা চট্টোপাধ্যায়।
অভিযোগের প্রেক্ষাপট: অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২৫ বছরের দাম্পত্য জীবনে তাঁকে দীর্ঘকাল ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেন, আইনি বিচ্ছেদ বা ডিভোর্স না হওয়া সত্ত্বেও হিরণ তাঁর থেকে ২৮ বছরের ছোট আপ্তসহায়ক ঋতিকা গিরিকে বিয়ে করেছেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী, জীবিত স্বামী বা স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা একটি দণ্ডনীয় অপরাধ।
পুলিশি মামলা ও ধারা: পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৮২(১), ৮৫ এবং ৫৪ ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরে কেবল হিরণ নয়, তাঁর নবপরিণীতা ঋতিকা গিরির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হিরণের একাধিক নারীসঙ্গের অভ্যাস বরাবরের। তিনি আরও দাবি করেন, ঋতিকা গিরি মাঝেমধ্যেই আত্মহত্যার ভয় দেখিয়ে হিরণকে ব্ল্যাকমেল করতেন। হিরণের কন্যা নিয়াশা জানান, ঋতিকা তাঁকে ফোন করে আত্মহত্যার হুমকিও দিয়েছিলেন। অনিন্দিতার স্পষ্ট বার্তা, “ডিভোর্স না নিয়ে এই বিয়ে অবৈধ। হিরণ দেখুক কত সুখে শান্তিতে ও সংসার করে।”
নীরব বিধায়ক: গত মঙ্গলবার হিরণ ও ঋতিকার বিয়ের ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রাজ্য রাজনীতি ও বিনোদন দুনিয়ায় (Tollywood Controversy) শোরগোল শুরু হয়েছে। বিজেপি বিধায়ককে নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বয়ে গেলেও, এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি হিরণ চট্টোপাধ্যায়।
