উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের (Zubin Garg) মৃত্যু নিয়ে এখনও বিতর্ক চলছেই। অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা (Himantaviswa Sharma) ফের জুবিনের মৃত্যু নিয়ে বড়সড় দাবি করলেন। তাঁর দাবি, সিঙ্গাপুরে (Singapore) দুর্ঘটনায় মৃত্যু নয়, খুন হয়েছেন জুবিন। আগেও তিনি এমন দাবি করেছিলেন। এবার এমন দাবি করার পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘটনার চার্জশিট জমা দেওয়ার কথা জানালেন।
সেপ্টেম্বর মাসে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
জুবিনের মৃত্যু নিয়ে হিমন্ত বলেন, ‘আমি জুবিন গর্গের মৃত্যুকে কখনই দুর্ঘটনা বলব না। ১৭ ডিসেম্বরের মধ্যে আমাদের জুবিনের খুনের চার্জশিট জমা দিতে হবে। কিন্তু আমি তার আগেই ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট জমা দেওয়ার কথা বলেছি। আমরা সবদিক থেকে তৈরি।’
চার্জশিট জমা নিয়ে হিমন্ত জানালেন, বিদেশে যদি কোনও ঘটনা হয়, তাহলে চার্জশিট জমা দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতি নিতে হয়। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এবিষয়ে কথা বলেছি। আশা করছি খুব শীঘ্রই অনুমতি এসে যাবে।
বর্তমানে সিঙ্গাপুর ও অসম দুই জায়গাতেই গায়কের মৃত্যুর তদন্ত চলছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অপরাধমূলক যড়যন্ত্র, অনিচ্ছাকৃত হত্যা, এমন প্রায় ৬০টি ধারায় মামলা দায়ের হয়েছে। অসমের গোয়েন্দা দপ্তরের কর্তারা এব্যপারে এখনও পর্যন্ত ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
