উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সোমবার রাতে জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এ দেদার পোড়ানো হল আতশবাজি। দীপাবলি উদযাপনের পর মঙ্গলবার সকালে দিল্লির বাতাসের মান আরও খারাপ হয়ে গিয়েছে। ৩৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে তেত্রিশটিতেই বাতাসের মান ‘খুব খারাপ’ বা ‘গুরুতর’ হিসেবে রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর বায়ুর মানের সূচক (AQI) ৩৫৬-তে দাঁড়িয়েছে, যা ‘খুব খারাপ’ ক্যাটেগরিতে পড়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) ০-৫০ -এর মধ্যে থাকা একিউআইকে ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১ -৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করে।
সিপিসিবির তৈরি SAMEER অ্যাপ অনুসারে, চারটি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ৪০০-এর বেশি ছিল, যা গোটা অঞ্চলে ‘গুরুতর’ বায়ুর মান নির্দেশ করে। এই স্টেশনগুলি হল বাওয়ানা (৪৩১), বুরারি ক্রসিং (৪০৪), জাহাঙ্গীরপুরী (৪০৭) এবং ওয়াজিরপুর (৪০৮)। অ্যাপ অনুসারে, মাত্র তিনটি স্টেশনে বায়ু মানের সূচক ৩০০-র নীচে ছিল। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। বেশ কয়েকটি প্রধান সড়কে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে।
