উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের প্রাকৃতিক দুর্যোগ উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে (Himachal Pradesh-Uttarakhand)। মঙ্গলবার হিমাচল প্রদেশের মান্ডি (Mandi) জেলায় মেঘভাঙা বৃষ্টির পর ভূমিধসের জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। জলের তোড়ে ভেসে গিয়েছে অনেক গাড়িও। নিখোঁজ অনেকে। প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।
গতকাল রাতে মান্ডি জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়। এরপর এদিন সকালে সেখানে ধস নামে। আর তাতেই বিপত্তি। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা।
অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের জেরে খারাপ অবস্থা উত্তরাখণ্ডেও। দেরাদুনে (Dehradun) বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ। বৃষ্টিতে ফুঁসছে টনস নদী। তার মাঝে আটকে পড়ে একটি ট্র্যাক্টর। কোনোমতে সেই ট্র্যাক্টর আঁকড়ে দাঁড়িয়েছিলেন ১০ জন শ্রমিক। জলের স্রোতে ভেসে যায় ট্র্যাক্টরটি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ছড়িয়ে পড়েছে। কীভাবে ট্র্যাক্টরটি নদীর মাঝে গিয়ে পড়েছে, তা জানা যায়নি। শ্রমিকদের খোঁজ শুরু হয়েছে। উত্তরাখণ্ডের পরিস্থিতি জানতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে রাজ্যের সব নদীতে জলস্তর বেড়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
